নিউজ পোল ব্যুরো: ম্যাঞ্চেস্টারে দাপটের সঙ্গে ড্র করেছে ভারত (England vs India)। যে ড্র জয়ের থেকে কোনও অংশে কম নয়। চতুর্থ দিনই বোঝা গিয়েছিল এই টেস্ট কোনোভাবেই জিততে পারবেন না গিলরা। তবে ড্র করতে পারবেন সেই আশাও করেনি কেউ। কিন্তু খানিক অবিশ্বাস্যভাবেই চতুর্থ টেস্টে ড্র করে সিরিজ বাঁচিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে ইংল্যান্ডের নিম্ন রুচির মানসিকতা।
আরও পড়ুন: Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে কাটছে জট, তাড়াতাড়িই ঘোষণা করা হবে সূচী
ভারতের দ্বিতীয় ইনিংসের ১৩৮ ওভার (England vs India)। স্কোরবোর্ডে ৩৮৬/৪। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। জাডেজা ব্যাট করছেন ৮৯ রানে ও সুন্দর ৮০ রানে। দুজনের সামনেই সেঞ্চুরি করার সুযোগ। তখনও দেড় ঘণ্টা খেলা বাকি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হঠাৎ খেলা শেষ করে ড্র’য়ের প্রস্তাব দেন দুই ব্যাটারকে। ভারতীয় জুটি মাথা নেড়ে প্রত্যাখ্যান করে দেন সেই প্রস্তাব। কিন্তু নাছোড়বান্দা ইংরেজ শিবির। ক্রমাগত উত্যক্ত করতে থাকে দুজনকে। কিন্তু শেষমেশ আম্পায়ার খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। মাঠে লড়াই চলল শেষ সেকেন্ড পর্যন্ত। ম্যাচ ড্র হলেও ক্রিকেটপ্রেমীদের চোখে এটি ভারতের নৈতিক জয়। আর নিঃসন্দেহে যে লড়াই গিল-রাহুল এবং জাদেজা-সুন্দর জুটি দেখালেন তা ঠাঁই পাবে ইতিহাসের পাতায়।
শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকলেও তাঁর লড়াকু শতরান না থাকলে অনেক আগেই ম্যাচ (England vs India) হাতছাড়া হয়ে যেত। চতুর্থ দিনের শেষে কেএল রাহুলের সঙ্গে ৬২ ওভার ব্যাট করে ভারতকে বাঁচার রাস্তা দেখান শুভমন। দুজনে মিলে ১৮৮ রান যোগ করেন। এরপর ২০৩ রানের জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর ও জাডেজা। যে দুই জুটিই সব হিসেব বদলে দেয় স্টোকসদের। আর তাই মাঠের লড়াইয়ে না পেরে ভদ্রলোকের খেলাকে অভদ্রতার চূড়ান্ত পর্যায়ে নামিয়ে আনেন ব্রিটিশ অধিনায়ক।

সুন্দরের ইনিংসটি দেখলে মনে হবে ধৈর্য ও আত্মবিশ্বাসের নিখুঁত মিশ্রণ। একটিও সুযোগ দিলেন না প্রতিপক্ষকে। বোলিংয়েও বরাবর ব্রেক-থ্রু দিয়ে আসছেন চলতি সিরিজে। জাদেজা নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরপর চারটি অর্ধশতরানের পর অবশেষে সেঞ্চুরি করলেন। নিঃসন্দেহে এই সিরিজে তিনি ভারতের সেরা ক্রিকেটার বলাই চলে।

ইংল্যান্ডের পক্ষে একমাত্র হুমকি হয়ে উঠেছিলেন স্টোকস। চোট নিয়েও তিনি আক্রমণ চালিয়ে গিয়েছেন, রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তবে শেষ দিনে ভারতীয় ব্যাটারদের একাগ্রতা তাঁর সব প্রয়াসকে ম্লান করে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E
চার ম্যাচের সিরিজের (England vs India) চারটিই গিয়েছে শেষ দিনে। ১৪৩ ওভারের প্রতিরোধে টেস্ট ক্রিকেটের ক্লাসিক সৌন্দর্য আবারও ফুটে উঠলো। সিডনির বিহারি-অশ্বিন বা ইডেনের লক্ষ্মণ-দ্রাবিড়— তাঁদের লড়াইয়ের তালিকায় জায়গা করে নিল সুন্দর-জাডেজার এই লড়াই। শুধু কলঙ্কের দাগ হয়ে থাকলো ইংল্যান্ড অধিনায়কের নীচ মানসিকতার বহিঃপ্রকাশ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৩৫৮/১০ (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, ঋষভ পন্থ ৫৪ | বেন স্টোকস ৫/৭২) এবং ৪২৫/৪ (রবীন্দ্র জাদেজা ১০৭, শুভমন গিল ১০৩, ওয়াশিংটন সুন্দর ১০১, কে এল রাহুল ৯০ | ক্রিস ওকস ২/৬৭)
ইংল্যান্ড ৬৬৯/১০ (জো রুট ১৫০, বেন স্টোকস ১৪১ | রবীন্দ্র জাদেজা ৪/১৪৩)
ম্যাচ ড্র
