Char Dham Yatra : চারধাম যাত্রায় রেজিস্ট্রেশন ফি বাধ্যতামূলক? সিদ্ধান্ত ঘিরে শুরু তীব্র বিতর্ক

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুঘল আমলে চালু হওয়া ধর্মীয় কর ‘জিজিয়া’র সঙ্গে তুলনা টেনে নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে চারধাম যাত্রার নিবন্ধন ফি (Char Dham Yatra)। এতদিন হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থযাত্রা চারধাম সফর কার্যত বিনামূল্যেই সম্পন্ন হত। কিন্তু এবার উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যমুনোত্রী(Yamunotri), গঙ্গোত্রী (Gangotri), কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথ (Badrinath) দর্শনে যেতে হলে তীর্থযাত্রীদের আগে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এবং তার জন্য নির্দিষ্ট ফি জমা দিতে হবে।

আরও পড়ুন : Weather Update : শীত বিদায়ের পথে!রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা—গরমের ইঙ্গিত আবহাওয়া দফতরের

আগামী ১৯ এপ্রিল থেকে চলতি বছরের চারধাম যাত্রা শুরু হওয়ার কথা (Char Dham Yatra)। তার আগে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তীর্থযাত্রীদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাথমিকভাবে প্রতি যাত্রীর কাছ থেকে ন্যূনতম ১০ টাকা করে নেওয়ার প্রস্তাব সামনে এসেছে। যদিও প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য কর আদায় নয়, বরং ভুয়ো বুকিং ও প্রতারণা রোধ করা। গাড়োয়াল অঞ্চলের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, প্রতি বছর অসংখ্য ভুয়ো রেজিস্ট্রেশন বা প্রতারণার ঘটনায় অনেক যাত্রী সমস্যায় পড়েন এবং আর্থিক ক্ষতির শিকার হন। সঠিক তথ্যভিত্তিক রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করলে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা সহজ হবে বলেই মনে করছে প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিরোধীদের তরফে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, ধর্মীয় আবেগকে সামনে রেখে রাজনীতি করা হলেও বাস্তবে তীর্থযাত্রীদের উপর আর্থিক চাপ বাড়ানো হচ্ছে। বহু মানুষ আবার এই ব্যবস্থাকে অতীতের জিজিয়া করের সঙ্গে তুলনা করে ক্ষোভ প্রকাশ করছেন। যদিও সরকার পক্ষের বক্তব্য, এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবু চারধাম যাত্রা শুরুর আগে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয় এবং তীর্থযাত্রীদের জন্য কী নতুন নিয়ম কার্যকর হয়।