নিউজপোল ব্যুরো: টানা বৃষ্টির ধাক্কায় এবার বড়সড় বিপর্যয় উত্তরবঙ্গের রেল যোগাযোগে। নিউ ফরাক্কা জংশনে ঢোকার মুখে কেবিন সংলগ্ন এলাকায় আপ লাইনের নীচের মাটি বসে যাওয়ায় বুধবার রাত থেকেই ব্যাহত ট্রেন চলাচল। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার থেকেই একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের দিকে কোনও ট্রেন চালানো হচ্ছে না। ফলে স্টেশন ও রাস্তায় আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
রেল সূত্রে খবর, লাগাতার ভারী বৃষ্টির কারণেই লাইনের নীচের মাটি বসে যায়। বৃহস্পতিবার রাতেও নতুন করে ধস নামায় মেরামতির কাজে কিছুটা সমস্যা তৈরি হয়। তবে ফের পুরোদমে কাজ শুরু হয়েছে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার থেকেই ট্রেন চলাচল পুরোপুরি শুরু করা যায় কি না, সেই লক্ষ্যেই কাজ করছেন রেলের কর্মীরা।
কাজ দ্রুত শেষ করার জন্য শুক্রবার উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বক্তব্য, যাত্রীদের ভোগান্তি নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। কিন্তু এটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগছে। আপাতত যাত্রীদের জন্য আলাদা কোনও বিকল্প পরিবহণের ব্যবস্থা করা হয়নি বলেও জানিয়েছেন সিপিআরও।
এই বিপর্যয়ের প্রভাব পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে। বাতিলের তালিকায় রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস-সহ আরও বেশ কয়েকটি পরিষেবা।
ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত ধাক্কা খেয়েছে। যাত্রীদের একাংশের টিকিট বাতিল, পরিকল্পনা বদল এবং অতিরিক্ত খরচের মুখে পড়তে হচ্ছে। এখন নজর একটাই—রেলের মেরামতির কাজ শুক্রবারের মধ্যে কতটা এগোয়।
