নিউজপোল ব্যুরো: স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য করে নার্সিংহোম চালানোর অভিযোগে ধনিয়াখালির একটি বেসরকারি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দপ্তর। ধনিয়াখালির মিশ্রপাড়ায় অবস্থিত ধনিয়াখালি গ্রামীণ নার্সিংহোমে গতকাল রাতে অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই নার্সিংহোমের নথিপত্রে একাধিক সমস্যা ছিল। পাশাপাশি নার্সিংহোম পরিচালনার জন্য স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত একাধিক গাইডলাইনও সেখানে মানা হচ্ছিল না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হয়েছিল। এমনকি নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
আরও দেখুন :-ভোররাতে মহাকাশে ভারতের জয়! সফল GSLV-F17, কক্ষপথে EOS-05
অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই নার্সিংহোমের পরিষেবা চালু রাখা হয়। এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফি ধনিয়াখালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাতে সেখানে পৌঁছন।অভিযানের সময় নার্সিংহোমে একজন রোগী ভর্তি ছিলেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রোগীর পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন পৌঁছলে তাঁদের রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়। পরে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী রোগীকে নার্সিংহোম থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
এরপর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
