নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনা: তিন সরকার বদলেছে, পেরিয়ে গিয়েছে ১৬ বছর। কিন্তু এখনও চালু হল না লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি পশু চিকিৎসালয়। এমনই অভিযোগ বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে গ্রামের গবাদি পশু ও পশুপাখির চিকিৎসার জন্য এই চিকিৎসালয়ের ভবন তৈরি করা হয়। কিন্তু ভবন তৈরি হলেও আজ পর্যন্ত সেখানে স্থায়ীভাবে চিকিৎসা পরিষেবা চালু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বর্তমানে ভবনটির চারপাশে আগাছা-জঙ্গল জন্মেছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায়। পাশাপাশি বিষধর সাপ ও বিভিন্ন পোকামাকড়ের বাসাও তৈরি হয়েছে।
আরও দেখুন :- স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য, রোগী সরিয়ে ধনিয়াখালির নার্সিংহোম সিল
গ্রামবাসীদের প্রধান জীবিকা চাষবাস ও পশুপালন। ফলে গরু, ছাগল, হাঁস-মুরগি-সহ বিভিন্ন পশুপাখি অসুস্থ হলে চিকিৎসার জন্য তাঁদের বসিরহাট শহরে যেতে হয়। এতে একদিকে পরিবহণের খরচ বাড়ে, অন্যদিকে অসুস্থ পশুকে নিয়ে যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত ওই পশু চিকিৎসালয়টি সংস্কার করে চিকিৎসক নিয়োগের মাধ্যমে পরিষেবা চালু করা হোক। তাঁদের বক্তব্য, চিকিৎসালয়টি চালু হলে সীমান্তবর্তী এলাকার বহু পশুপালক ও চাষি উপকৃত হবেন। প্রশাসনের কাছে অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
