রেলপথে বিপর্যয়, উত্তরবঙ্গের ট্রেন বাতিল—চড়চড়িয়ে বাড়ল বাসভাড়া

রাজ্য

নিউজপোল ব্যুরো: ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা। হাওড়া-মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার পর থেকেই ব্যাহত হয় ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়। শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।

ট্রেন পরিষেবা বন্ধ থাকায় উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাসের দিকে ঝুঁকছেন বহু যাত্রী। আর সেই সুযোগেই বাড়ছে বেসরকারি বাসের ভাড়া। কলকাতা থেকে শিলিগুড়িগামী ভলভো বাসের টিকিটের দাম কোথাও কোথাও পৌঁছে গিয়েছে ৪ থেকে ৫ হাজার টাকায়। জনপ্রিয় বাস বুকিং প্ল্যাটফর্মগুলিতেও দেখা যাচ্ছে চড়া ভাড়া। শ্যামলী পরিবহনের কিছু বাসে প্রায় ৫ হাজার টাকা এবং ইজি রাইডে প্রায় ৪৪৫০ টাকা পর্যন্ত ভাড়া দেখাচ্ছে।

আরও দেখুন :- তিন সরকার বদলেছে, বদলায়নি ছবি! ১৬ বছরেও চালু হল না পশু চিকিৎসালয়

শিলিগুড়ি থেকেও কলকাতাগামী বাসের ভাড়া বেড়েছে বলে জানা গিয়েছে। গতকাল যেখানে গড় ভাড়া ছিল প্রায় ১৬০০ টাকা, শুক্রবার সকালে তা বেড়ে ৩ থেকে ৫ হাজার টাকায় পৌঁছেছে।

বাস সংস্থাগুলির তরফে এই ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ‘ডায়নামিক প্রাইসিং’-এর কথা বলা হলেও, যাত্রীদের অভিযোগ, ট্রেন বাতিলের সুযোগে তাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সরকারি বাস চালানোর দাবি উঠেছে।