Diljit Dosanjh: রাজনীতিতে আসছেন দিলজিৎ? জল্পনায় জল ঢেলে স্পষ্ট জবাব গায়কের

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। সেই তালিকায় কি এ বার নাম লেখাতে চলেছেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)? গত কয়েক দিন ধরে এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। বিশেষ করে একটি পঞ্জাবি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আবেদন ঘিরেই এই জল্পনা আরও জোরদার হয়। তবে অবশেষে সমস্ত গুঞ্জনে নিজেই ইতি টানলেন দিলজিৎ (Diljit Dosanjh)।

আরও পড়ুন: Diljit Dosanjh: ‘আমি অনেক আগেই পৃথিবী ছেড়ে দিয়েছি’—দিলজিৎ দোসাঞ্জের মন্তব্যে চাঞ্চল্য

সম্প্রতি সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে দিলজিৎ স্পষ্ট জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই তাঁর নেই। গায়কের কথায়, “কখনও না। আমি সাধারণ মানুষকে বিনোদন দিতেই ভালবাসি। আমার কাজ নিয়েই আমি খুব খুশি।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের একাংশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

আসলে সাম্প্রতিক সময়ে দিলজিতের বিভিন্ন বক্তব্য এবং কাজকে ঘিরে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে তাঁর নতুন কিছু প্রজেক্টে দেশভাগ, পঞ্জাবের সামাজিক পরিস্থিতি এবং মানুষের আবেগঘন ইতিহাস উঠে আসায় অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো ধীরে ধীরে রাজনৈতিক পরিসরে সক্রিয় হতে চাইছেন।

সম্প্রতি ‘জাগো পঞ্জাব মঞ্চ’ নামে একটি সংগঠনের তরফে সমাজমাধ্যমে একটি খোলা আবেদন প্রকাশ করা হয়। সেখানে দিলজিৎকে পঞ্জাবের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। আবেদনপত্রে বলা হয়েছিল, পঞ্জাবের বর্তমান পরিস্থিতিতে এমন একজন মানুষের প্রয়োজন, যিনি সাধারণ মানুষের আবেগ, সাহস এবং সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। সেই কারণেই দিলজিতের নাম সামনে আনা হয় বলে দাবি সংগঠনের।

এই আবেদন প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা বাড়তে থাকে। অনেকে মনে করতে শুরু করেন, হয়তো ভবিষ্যতে রাজনীতিতে দেখা যেতে পারে এই জনপ্রিয় গায়ককে। তবে সেই সমস্ত সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

বর্তমানে অভিনয় এবং সঙ্গীত নিয়েই ব্যস্ত দিলজিৎ। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘বর্ডার ২’ ছবির কাজে। পাশাপাশি, পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই ছবিতে দেশভাগ ও দেশান্তরের আবেগঘন কাহিনি উঠে আসবে বলে জানা গিয়েছে।

অর্থাৎ নিজের বক্তব্যে দিলজিৎ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, রাজনীতির ময়দানে নয়, আপাতত গান ও অভিনয়তেই মন দিতে চান তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole