Acidity: বড়দিনের পার্টিতে পেটভরে খেলেও অম্বল নয়! শীতে গলা–বুক জ্বালা কমানোর ঘরোয়া টোটকা

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত এলেই যেন একের পর এক অনুষ্ঠান—বড়দিনের পার্টি, বন্ধুর বাড়ির নিমন্ত্রণ, বিয়েবাড়ির ভূরিভোজ। এই সময় নিয়ম মেনে খাওয়াদাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। কেক, মিষ্টি, পোলাও-মাংস, ভাজাভুজি—সবই চলে উদরপূর্তির নামে। কিন্তু যাঁদের অম্বল, গ্যাস বা অ্যাসিডিটির (Acidity) ধাত রয়েছে, তাঁদের কাছে এই আনন্দই অনেক সময় গলা-বুক জ্বালার কারণ হয়ে দাঁড়ায়। তখন হাতের কাছে অ্যান্টাসিড থাকলেও, বার বার ওষুধ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। বরং কিছু ঘরোয়া খাবার ও নিয়ম মেনে চললে শীতের মরসুমে অম্বলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

আরও পড়ুন:Robots: বালির কণার থেকেও ছোট বিশ্বের ক্ষুদ্রতম রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা! চিকিৎসা গবেষণায় নতুন দিগন্ত খুলতে পারে ক্ষুদ্রতম মাইক্রোরোবট

যে দিন রাতে ভারী খাওয়াদাওয়ার পরিকল্পনা আছে, সে দিন সকাল থেকেই একটু সচেতন হওয়া জরুরি। দিন শুরু করুন ডিটক্স পানীয় দিয়ে। একটি আপেল কুচি করে কেটে নিন। একটি কাচের জারে জল নিয়ে তার মধ্যে আপেলের টুকরো, ২–৩টি দারচিনির স্টিক এবং কয়েকটি পুদিনা পাতা দিয়ে ঘণ্টা দুয়েক ফ্রিজে রেখে দিন। এই জল হজমশক্তি ভাল করে এবং রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।

খাওয়ার পর হঠাৎ পেট বা বুকে জ্বালা শুরু হলে আধ কাপ ঠান্ডা দুধ তাৎক্ষণিক আরাম দিতে পারে। দুধ শরীরের অতিরিক্ত অ্যাসিডের প্রভাব কমাতে সাহায্য করে। তবে ল্যাক্টোজে সমস্যা থাকলে দুধ এড়িয়ে চলাই ভাল।

ভোজের পরে পেট ভার লাগলে নরম পানীয় বা কোল্ড ড্রিঙ্ক একেবারেই নয়। বরং আদা চা হতে পারে সেরা সমাধান। দু’চামচ আদা কুচি জলে ফুটিয়ে তার মধ্যে চা পাতা, দারচিনি, গোলমরিচ গুঁড়ো ও তুলসিপাতা দিয়ে আরও কিছু ক্ষণ ফোটান। ছেঁকে নিয়ে হালকা উষ্ণ অবস্থায় চুমুক দিন। এতে গ্যাস ও অম্বল দু’টিই কমবে।

পুদিনা পাতা মেশানো দইয়ের ঘোলও হজমে দারুণ কার্যকর। যাঁরা প্রায়ই গ্যাসের সমস্যায় ভোগেন, তাঁরা দিনে এক বার ঘোল খেতে পারেন। এতে পেট ঠান্ডা থাকে।

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে মৌরির চা খুব উপকারী। এক কাপ জলে এক চা-চামচ মৌরি ফুটিয়ে ছেঁকে নিন। খাওয়ার পর এটি পান করলে গলা-বুক জ্বালা অনেকটাই কমে যায়।

বমি ভাব হলে সামান্য বিটনুন ছিটিয়ে আদা কুচি খেতে পারেন। আর রাতে শোয়ার আগে এক গ্লাস জলে জিরে ভেজে গুঁড়ো করা মিশিয়ে খেলে অম্বলের কষ্টে ঘুম ভাঙবে না।

সবশেষে, রাতে খাওয়ার আধ ঘণ্টা পরে ক্যামোমাইল চা পান করলে অ্যাসিডিটির (Acidity) সমস্যা কমে এবং ঘুমও গভীর হয়। উৎসবের আনন্দ উপভোগ করুন নিশ্চিন্তে—শীতে অম্বল নয়, ভরসা রাখুন ঘরোয়া যত্নে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole