নিউজ পোল ব্যুরো: দিনের শুরুটা কেমন হবে, তার উপর অনেকটাই নির্ভর করে সারা দিনের মানসিকতা ও কাজের গতি। তাই তো বিশেষজ্ঞদের একাংশ বারবার বলেন, সকালটা যদি গোছানো ও শান্ত হয়, তবে শরীর–মন দু’টিই ভাল থাকে। এই মতের সঙ্গে অনেকটাই একমত বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি অভিনেতা আদিত্য রায় কপূরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সকালের রুটিন নিয়ে খোলাখুলি কথা বলেছেন করিনা।
৪৫ বছর বয়সেও করিনার (Kareena Kapoor Khan) ফিটনেস ও উজ্জ্বলতা নজর কাড়ে সকলের। এর নেপথ্যে রয়েছে বছরের পর বছর ধরে মেনে চলা একটি নির্দিষ্ট জীবনযাপন। আগেই তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৬টার মধ্যেই ডিনার সেরে ফেলেন। রাত সাড়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যেই তাঁর দিন শুরু হয়।
ঘুম থেকে উঠে কী করেন করিনা? প্রথমেই যে কাজটি তিনি একেবারেই করেন না, তা হল ফোন দেখা। করিনার কথায়, ঘুম ভাঙার পর নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করতে তাঁর অন্তত দু’ঘণ্টা সময় লাগে। এই সময় তিনি কোনও ফোন কল ধরেন না, মেসেজের উত্তরও দেন না। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ শুরুর আগে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোতেই বিশ্বাসী তিনি।
সকালের এই সময়টার একটা বড় অংশ জুড়ে থাকে তাঁর দুই ছেলে— তৈমুর ও জেহ। বাড়িতে সাহায্যের লোক থাকলেও সন্তানদের সঙ্গে সময় কাটানোটা করিনা নিজেই গুরুত্ব দেন। তাঁর মতে, সকালবেলার এই মুহূর্তগুলো পরিবারের জন্যই রাখা উচিত।
এ বার আসা যাক দিনের প্রথম পানীয়ের কথায়। অনেক অভিনেত্রী যেখানে ডিটক্স ওয়াটার, সবুজ স্মুদি বা ভেষজ পানীয়ে দিন শুরু করেন, সেখানে করিনা একটু আলাদা। তিনি জানিয়েছেন, সকালে উঠে এক কাপ কালো কফি না হলে তাঁর দিনই শুরু হয় না। যদিও খালি পেটে কফি খাওয়াকে খুব একটা স্বাস্থ্যকর বলা যায় না, তবু করিনার ক্ষেত্রে এতে কোনও সমস্যা হয় না বলেই জানিয়েছেন তিনি। তবে কফি খাওয়ার আগে তিনি হালকা কিছু খান।
করিনার সকালের প্রথম খাবার হল ছ’টি ভেজানো কাঠবাদাম। তার পরেই আসে কফির পালা। এতে শরীরে শক্তি আসে এবং দিনের শুরুটা সহজ হয় বলে মনে করেন অভিনেত্রী।
শরীরচর্চার ক্ষেত্রেও করিনার দৃষ্টিভঙ্গি বেশ বাস্তবসম্মত। ঘুম থেকে উঠেই তিনি জিমে ছুটে যান না। বরং ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে, হালকা খাওয়াদাওয়ার পর শরীরচর্চা শুরু করেন। তাঁর মতে, জোর করে কোনও রুটিন চাপিয়ে দেওয়ার চেয়ে শরীরের সিগন্যাল বোঝা বেশি জরুরি।
তবে শুটিং বা কাজের চাপ থাকলে এই রুটিনে বদল আসতেই পারে। তবু বাড়িতে থাকলে করিনা চেষ্টা করেন এই ছক মেনেই দিন শুরু করতে। আর সম্ভবত এই শৃঙ্খলাই তাঁকে সুস্থ, ফিট এবং মানসিক ভাবে চনমনে থাকতে সাহায্য করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
