নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় কিছু না কিছু নিয়ে জল্পনা কল্পনা চলতেই থাকে। ঠিক তেমনই সম্প্রতি নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিককে ঘিরে নানারকমের গুঞ্জন শোনা যাচ্ছে। মার্চ মাসের শেষদিকে ধারাবাহিকটির প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে কিন্তু এখনও নাকি ধারাবাহিকের শুটিংই শুরুই হয়নি। এই গুঞ্জন শোনার পর থেকেই প্রশ্ন উঠছে অনেক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়কে (Soma Bandopadhyay)।তবে কি কোনও সমস্যার কারণে পিছিয়ে গিয়েছে কাজ?
আরও পড়ুন:Ramayan Movie: রণবীর বনাম যশ? ‘রামায়ণ’ সেটে চর্চার ঝড়, জবাব দিলেন দক্ষিণী সুপারস্টার
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে আর্থিক সমস্যার কারণেই নাকি শুটিং শুরু করতে পারছেনা নির্মাতারা। তবে এই জল্পনার সত্যতা যাচাই করার জন্য বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Bandopadhyay) এই বিষয়ে মুখ খুলেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, শুটিং এখনও শুরু হয়নি কিন্তু এর জন্য কোনও আর্থিক সমস্যা দায়ী নয়। আসলে এই ধারাবাহিকের বেশ কিছু অংশ আউটডোরে শুট করার কথা রয়েছে যা চলতি নির্বাচনের কারণে সম্ভব হয়ে উঠছে না। বিভিন্ন জায়গায় শুটিংয়ের অনুমতি পেতে দেরি হচ্ছে। তাই শুটিং শুরু করতে কিছুটা সময় লাগছে।
শুধু তাই নয়, তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কারণের কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া একটি ঘটনার পর নতুন কিছু ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা এসওপি চালু হওয়ার কথা। কিন্তু সেই নিয়মাবলী এখনও পুরোপুরি হাতে না আসার কারণে সব কিছু গুছিয়ে শুটিং শুরু করতে পারছে না নির্মাতারা।
তবে শেষে আশার আলো দেখিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এই মাসের শেষের দিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তারা কাজ শুরু করতে পারবে।
অভিনেত্রী জানিয়েছেন, আপাতত তিনি ‘অন্নপূর্ণা’ চরিত্রের জন্য সবরকমের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তাকে পার্শ্বচরিত্র অথবা খলনায়িকা চরিত্রেই বেশি দেখা গেছে।কিন্তু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে এবার অভিনয় করার সুযোগ পেয়ে খুব আনন্দিত অভিনেত্রী। তাই ভাল করে এই কাজটি করতে চান তিনি। এই চরিত্র তাঁর কাছে খুবই বিশেষ, তাই অন্য কোনও বিষয় নিয়ে এখন ভাবতে চান না।
সব মিলিয়ে বলা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার জল্পনা থাকলেও, বাস্তবে তা মূলত পরিস্থিতিগত কারণে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র শুটিং—এমনটাই আশা করছেন নির্মাতা থেকে শুরু করে দর্শক সকলেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
