নিউজ পোল ব্যুরো: অন্নপ্রাশনের আসরেই চমক সবাইকে। ছ’মাসের একরত্তি অধ্যায় যেন মায়ের স্বপ্নকে খানিক ভেঙে দিল, আবার অন্য স্বপ্নও দেখিয়ে গেল। টেবিলে সাজানো ছিল কলম, বই, টাকা আর নানা জিনিস। মা মানসী সেনগুপ্ত (Manasi Sengupta) বার বার ছেলের হাতে কলম তুলে দিলেও, বার বার সেটি ফেলে দিয়ে টাকা ধরছে খুদে। এক-দু’বার নয়, টানা পাঁচ বার একই কাণ্ড ঘটাল অধ্যায়। উপস্থিত সকলেই চমকে উঠলেন, কেউ আবার মজা করে বললেন, “অধ্যায় বুঝে গিয়েছে, আজকের দুনিয়ায় অর্থই আসল।”
আরও পড়ুন:Big Boss 19: বিগ বস্ ১৯-এ অমালের বিরুদ্ধে নেহলের স্পর্শকাতর অভিযোগ, দু’জনকেই একহাত নিলেন ফারহা খান
অভিনেত্রী মানসী (Manasi Sengupta) নিজেই সংবাদ মাধ্যমে বললেন, “অর্থই সব। আমার ছেলে সেটা বুঝে গিয়েছে!” তবে খানিক আক্ষেপও ছিল তাঁর গলায়। মানসীর কথায়, “খুব আশা করেছিলাম, অধ্যায় কলমটা হাতে তুলে নেবে। আমি বার বার হাতে দিলাম, কিন্তু প্রতিবারই ফেলে দিল। মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরে নিজেকে বোঝালাম, পড়াশোনা একটু কম হলে ক্ষতি নেই। আমি চাই, ছেলে মানুষের মতো মানুষ হয়ে উঠুক।”
রবিবার সকাল থেকেই জমজমাট পরিবেশ সেনগুপ্ত বাড়িতে। অন্নপ্রাশন মানে ছোট্ট অধ্যায়ের জীবনের বড় উপলক্ষ। খলনায়িকা হলেও বাস্তবে খল নয়, বরং হাসিখুশি মানুষ মানসী (Manasi Sengupta) বললেন, “আমার কাছে অন্নপ্রাশন মানে ছেলের হাফ বিয়ে। ওকে সাজিয়ে দিয়েছিলাম হলুদ পাঞ্জাবি, ধুতি আর টোপর পরে। কিন্তু এত সাজগোজ, এত লোক দেখে ভয় পেয়ে গিয়েছিল ও।”সব আচার অনুষ্ঠানও হয়েছে নিয়ম মেনে। গায়ে হলুদ থেকে শুরু করে নান্দীমুখ—সব কিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়। খুদে অধ্যায়কে ঘিরে আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব সকলে হইহই করে দিনটি উপভোগ করেছেন।
মানসীর (Manasi Sengupta) খুনসুটিও চলেছে সমান তালে। তিনি হেসে বললেন, “আজকের আয়োজন সামলাতে হাঁফিয়ে গিয়েছি। এখন বুঝতে পারছি বাকি অর্ধেক বিয়ের দিন কী হবে! পাত্রী দেখা থেকে বিয়ের আয়োজন সব আপনাদের হাতেই ছেড়ে দিলাম।” সঙ্গে যোগ করলেন, তিনি নাকি খুব শান্ত শাশুড়ি হবেন, ছেলে-বৌমাকে দিব্যি সামলে নেবেন। ছেলের প্রথম অন্নপ্রাশনের দিন তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানসীর কাছে হয়ে রইল আনন্দ, খুনসুটি আর ভবিষ্যতের নতুন স্বপ্নের অঙ্গীকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
