নিউজ পোল ব্যুরো: দক্ষিণী চলচ্চিত্র জগতে বহু দিন ধরেই গুঞ্জন, কন্নড় ইন্ডাস্ট্রিতে নাকি অভিনেত্রী রশ্মিকা (Rashmika) নিষিদ্ধ। যেই ইন্ডাস্ট্রি তাঁকে প্রথম অভিনয়ের সুযোগ দিয়েছিল, সেই জায়গা থেকেই নাকি দূরত্ব তৈরি করেছেন তিনি। কিন্তু এত বছর পর অবশেষে সেই গুঞ্জনে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। খোলসা করলেন সব সত্যিটা।
রশ্মিকা (Rashmika) কন্নড় ছবিতেই অভিনয়ের হাতেখড়ি করেছিলেন। ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে একঝটকায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেই ছবি থেকেই শুরু হয় তাঁর যাত্রা, যা পরে ছড়িয়ে পড়ে তামিল, তেলুগু এবং হিন্দি ইন্ডাস্ট্রিতেও। আজ তিনি এক ‘প্যান-ইন্ডিয়া’ তারকা, কিন্তু কন্নড় ছবিতে বহু বছর ধরে তাঁকে দেখা যায় না। সেই কারণেই বারবার গুঞ্জন উঠেছে, ইন্ডাস্ট্রির ভেতর থেকে নাকি তাঁকে বয়কট করা হয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’। ছবিটি নিয়ে রশ্মিকা (Rashmika) নীরব থাকায় আরও জোরদার হয় জল্পনা। কিন্তু অবশেষে অভিনেত্রী নিজেই জানান, “ছবিটা মুক্তি পাওয়ার সময় দেখা হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আমি ছবিটা দেখেছি এবং নির্মাতাদের বার্তা পাঠিয়েছি। ওঁরা আমায় ধন্যবাদ জানিয়েছেন।” এই মন্তব্যের পর বোঝা গেল, সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।
তবে নিষিদ্ধ হওয়ার গুঞ্জন প্রসঙ্গে রশ্মিকা (Rashmika) স্পষ্টভাবে বলেন, “ইন্ডাস্ট্রির ভেতরে কী হচ্ছে, সেটা সাধারণ মানুষ জানেন না। আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগানো নেই, তাই সবাই সবটা বুঝতে পারেন না। ব্যক্তিগত বার্তা আমরা অনলাইনে ভাগ করি না। তাই কেউ কী বলল, তাতে কিছু যায় আসে না। কিন্তু কাজের প্রসঙ্গে যা শোনা যায়, সেটা মন দিয়ে শুনি এবং নিজেদের মতো করে সংশোধনের চেষ্টা করি।”
সবশেষে অভিনেত্রী বলেন, “আমি এখনও পর্যন্ত কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।” তাঁর এই মন্তব্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেল, বহুদিনের জল্পনা নিছকই গুজব। নিজের রাজ্য, নিজের ভাষা ও নিজের ইন্ডাস্ট্রির প্রতি তাঁর ভালবাসা এখনও আগের মতোই অটুট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
