Prasenjit Chatterjee: উত্তরবঙ্গের পাশে টলিপাড়া! একজোট হয়ে ত্রাণ তুললেন প্রসেনজিৎ ও দেব

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল সমগ্র টলিপাড়া। এই উদ্যোগের অন্যতম মুখ হয়েছেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) চট্টোপাধ্যায়। দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থেকে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি, কিন্তু এবার সেই বিতর্ক সরিয়ে রেখে মানবিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। দেব, রুক্মিণী, কোয়েল, পরমব্রত, মিমি-সহ অসংখ্য তারকা একসঙ্গে যুক্ত হয়েছেন এই মহৎ উদ্যোগে।

আরও পড়ুন:Rashmika Mandana: কন্নড় ইন্ডাস্ট্রিতে সত্যিই নিষিদ্ধ রশ্মিকা? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করছি। এই সময় একজোট হয়ে আপনাদের যুদ্ধের অংশীদার হতে চাই। উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা অসম্পূর্ণ।” তাঁর এই পোস্টের শিরোনাম ছিল “উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।” অভিনেতার কথায়, “ভৌগোলিক ভাবে আমরা দূরে থাকলেও, মনের দিক থেকে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের সাহসই আমাদের শক্তি।”

জানা গিয়েছে, টলিপাড়ার তারকা ও কলাকুশলীরা মিলে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ত্রাণ তহবিলের জন্য সংগ্রহ করেছেন। এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হবে। মঙ্গলবার ‘দেবী চৌধুরানী’-র বিশেষ প্রদর্শনীতে দেব ও প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) একসঙ্গে এই ঘোষণা করেন। দেব জানান, “এটা কোনও এক জনের কাজ নয়, এটা টলিপাড়ার সম্মিলিত প্রয়াস। বাংলার মানুষ বিপদে পড়লে আমরা সবাই এক হয়ে যাই।”

দেবও নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর সহযোগী দল উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করছে। ভিডিওর পোস্টারে লেখা ‘উত্তরের বন্যায় দেব’। দেবের বার্তায় স্পষ্ট মানবিক আবেদন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি। আশা করি, এই দুঃসময় দ্রুত কেটে যাবে।”

অন্যদিকে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) জানান, “এটা শুধুই অর্থসাহায্য নয়, এটা আমাদের মানসিক সমর্থনও। উত্তরবঙ্গের মানুষ যেমন আমাদের সিনেমার প্রেরণা, তেমনই তাঁদের লড়াই আমাদের শেখায় একতার অর্থ।” টলিপাড়ার এই ঐক্যের বার্তা যেন নতুন করে প্রমাণ করে দিল, বিপদের দিনে বাংলা সিনেমা শুধু বিনোদন নয়, মানবিকতার হাতও বাড়িয়ে দিতে জানে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole