নিউজ পোল ব্যুরো: বিগ বস্ ১৯- (Big Boss 19) এর ঘরে ফের শুরু হলো নতুন বিতর্ক। এই বার অভিযোগের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অমাল মালিক (Amal Mallick) এবং অভিনেত্রী নেহল চুড়াসমা। অভিযোগ, খেলার ছলে প্রতিপক্ষকে প্রতিহত করতে গিয়ে অমাল আপত্তিকর ভাবে স্পর্শ করেছিলেন নেহলকে। সেই মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। অন্যদিকে অপ্রস্তুত হয়ে পড়েন অমালও। তিনি একের পর এক ক্ষমা চাইতে থাকেন নেহলের কাছে এবং শেষ পর্যন্ত কেঁদেও ফেলেন।
বিগ বস্- (Big Boss 19) এর ঘরের নিয়মেই নানা রকম টাস্ক বা খেলা থাকে, যেখানে শারীরিক শক্তি প্রয়োগও করতে হয়। অনেক সময়ে সেই খেলা হাতাহাতিতে পৌঁছয়। সম্প্রতি এমন এক খেলায় প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছিলেন নেহল ও অমাল। তখনই হঠাৎ অভিযোগ ওঠে যে অমাল তাঁকে অনুচিতভাবে স্পর্শ করেছেন। এই অভিযোগের পর পুরো ঘর জুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। দর্শকের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সাধারণত সপ্তাহান্তে সালমান খান (Salman Khan) এসে প্রতিযোগীদের বকুনি দেন এবং বিতর্ক মেটানোর চেষ্টা করেন। তবে এই সপ্তাহে তিনি উপস্থিত ছিলেন না। তাঁর জায়গায় আসেন কোরিওগ্রাফার (Choreographer)-পরিচালক ফারহা খান (Farah Khan)। এসে তিনি সরাসরি মুখোমুখি হন নেহল এবং অমালের। ফারহার বক্তব্য ছিল স্পষ্ট ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল তা অমাল, নেহল এবং দর্শক ছাড়া কেউ জানে না। অযথা এই ঘটনাকে বাড়িয়ে ফেলা হচ্ছে। তিনি নেহলকে বলেন, খেলার সময় তিনিও ভুল করেছেন। প্রতিযোগিতার মধ্যে অমালকে এমন জায়গায় আঘাত করেছিলেন, যা তাঁর করা উচিত হয়নি। যদিও ফারহা এটাও স্পষ্ট করেন যে নেহল ইচ্ছে করে তা করেননি, বরং খেলার ছকেই সেই শারীরিক মুহূর্ত তৈরি হয়েছিল।
অন্যদিকে অমালকেও একহাত নেন ফারহা। তিনি প্রশ্ন তোলেন কেন তিনি বারবার ক্ষমা চাইছিলেন। ফারহার কথায়, যদি সত্যিই জানতেন যে কোনও ভুল করেননি, তবে এতবার ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন ছিল না। বরং তাঁর আচরণে উলটোই বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি সরাসরি বলেন, “অমাল, তোমার ওপর রাগ হচ্ছিল, তোমাকে একটা চড় মারতে ইচ্ছে করছিল।”
এছাড়া ফারহা নেহলকেও স্পষ্ট করে বলেন, নারীবাদ মানে কাউকে ভুল অপবাদ দেওয়া নয়। প্রকৃত নারীবাদের মর্ম অন্যত্র। এই ঘটনার পর নেহল কিছুটা শান্ত হলেও, বিতর্কে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ‘বিগ বস্ ১৯’- (Big Boss 19) এর ঘরে। দর্শক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা, অমালের আচরণ আদৌ ইচ্ছাকৃত ছিল নাকি খেলার নিয়মের মধ্যে পড়ে—তার উত্তর মিলবে সময়ের সঙ্গে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
