Ranveer Singh: চঞ্চল রণবীর, শান্ত দীপিকা—বৈপরীত্যেই কি সম্পর্কে আসে ভারসাম্য?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: চাঞ্চল্য ও উচ্ছ্বাস যেন রণবীর সিংহের (Ranveer Singh) স্বভাবগত পরিচয়। তিনি যেখানে থাকেন, সেখানেই প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। কিন্তু স্ত্রী দীপিকা পাড়ুকোন পাশে থাকলেই বদলে যায় এই অভিনেতার আচরণ। রণবীরের কথায়, দীপিকার শান্ত স্বভাবই তাঁকে সংযত ও ভদ্র হতে সাহায্য করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন, তাঁদের দু’জনের মেরুদণ্ডের মতো বিপরীত স্বভাবই নাকি সম্পর্কটিকে আরও দৃঢ় করে তুলেছে।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ খানের নামে বিলাসবহুল অট্টালিকা! ঘোষণায় উপস্থিত থাকবেন কার্তিক আরিয়ানও?

রণবীর (Ranveer Singh) বলেন, সাধারণত তিনি খুবই চঞ্চল, বহির্মুখী এবং হইহই করা মানুষ। বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে থাকলে মজা, হাসাহাসি আর উচ্ছ্বাসে ভরে ওঠে চারপাশ। কিন্তু দীপিকার উপস্থিতিতেই সেই গতি খানিক কমে যায়। রণবীরের ভাষায়, “আমি একা থাকলে খুব চেঁচামেচি করি, উত্তেজনা থাকে অন্যরকম। কিন্তু দীপিকা পাশে থাকলেই অন্য একটা ভদ্রতা আসে আমার মধ্যে। ওর যে শান্ত মাধুর্য, সেই গুণটা আমার জীবনে স্বাভাবিক ভাবেই ছাপ ফেলে।”

অভিনেতার আরও সংযোজন—দীপিকার বিনয়ী স্বভাব তাঁকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, পা যেন মাটিতেই রাখেন। খ্যাতি, সাফল্য, প্রচারের জগৎ—এই সব কিছুর মাঝেও দীপিকার স্থিরতা তাঁকে ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে সাহায্য করে। তাঁদের এই বৈপরীত্যই কি সম্পর্কে কোনও সমস্যা তৈরি করে? উল্টোটা দাবি করলেন রণবীর। তাঁর মতে, এতই ভিন্ন স্বভাবের হওয়ায় আজও তাঁরা দু’জন দু’জনকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করেন। একে অপরকে বোঝার আরও নতুন পথ খুঁজে পান।

এই আবিষ্কার প্রক্রিয়ার অন্যতম মাধ্যম ভ্রমণ। প্রায়ই একসঙ্গে বেড়াতে যান দু’জন। রণবীরের তোলা কোনও ট্রিপের ছবি দেখে দীপিকা সেই জায়গায় ফের যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর দু’জনে মিলে আবার সেই স্থান ঘুরে দেখেন নতুন করে। নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে সম্পর্কের খাতায় আরও একটি নতুন স্মৃতি যোগ হয়।

তাঁদের ব্যক্তিগত রসায়নের প্রতিফলন দেখা যায় বড়পর্দাতেও। ‘গোলিয়ো কি রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ থেকে শুরু করে ‘৮৩’—যে ছবিতেই তাঁরা জুটি বেঁধেছেন, দর্শক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাদের। রণবীর বলেন,
“দীপিকার সঙ্গে কাজ করা মানেই যেন সব কিছু সহজ হয়ে যাওয়া। ক্যামেরার সামনে আমাদের রসায়ন স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়।”

ব্যস্ততার মধ্যেও দু’জনই তাঁদের সময় আলাদা করে রাখেন। রণবীর বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে দীপিকা কাজ করছেন শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ। তবুও কাজের ফাঁকেই দু’জনের সম্পর্কের দৃঢ়তা, বোঝাপড়া এবং পরস্পরের স্বভাবের প্রতি শ্রদ্ধাই তাঁদের জুটিকে বলিউডে অন্যতম আদর্শ দম্পতির জায়গায় এনে দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole