নিউজ পোল ব্যুরো: শনিবারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে জেতাতে হবে। শওকত জিতলে ভাঙড়বাসীর সমস্ত দাবি পূরণ করা হবে। এই ভাঙড় বিধানসভা আসনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ২০২১ সালের নির্বাচনে এখানে জয় পেয়েছিল ISF। সেই আসনেই এ বার কৌশল বদলে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে শওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে ক্যানিং পূর্বে প্রার্থী করা হয়েছে বাহারুল ইসলামকে। এই আসন বদলকে কেন্দ্র করে প্রথম থেকেই শওকত-অনুগামীদের মধ্যে অসন্তোষের খবর মিলেছিল। এমনকি সূত্রের খবর, শওকত নিজেও প্রথমে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তবে বর্তমানে তিনি জোরকদমে প্রচার চালাচ্ছেন।
আরও পড়ুন: Smoking : ধূমপান শুধু ফুসফুস নয়! মস্তিষ্কেও মারাত্মক ক্ষতি করে, কমে যেতে পারে স্মৃতিশক্তিও
জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শওকতকে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি যদি ডান হাত হই, শওকত আমার বাঁ হাত।’ পাশাপাশি শওকতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তার ক্ষতি করার চেষ্টা করছে। এমনকি প্রয়োজনে নিজের নিরাপত্তা তুলে দিয়ে শওকতকে দেওয়ার কথাও বলেন তিনি। এদিন বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা (Mamata Banerjee) অভিযোগ করেন, ভাঙড়ে কিছু ‘বিজেপির দালাল’ অশান্তি তৈরির চেষ্টা করছে। তিনি মানুষকে সতর্ক করে বলেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে সরাসরি তৃণমূল প্রার্থীকে সমর্থন করতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উন্নয়নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, একসময় ভাঙড়ে তেমন কোনও পরিকাঠামো ছিল না। বর্তমানে বানতলায় গড়ে উঠেছে বড় লেদার হাব, যা সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। তার দাবি, প্রায় ১১০০ একর জমিতে তৈরি এই প্রকল্পে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও বহু কাজের সুযোগ তৈরি হবে। এই প্রেক্ষাপটে ভাঙড়ের লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
