নিউজপোল ব্যুরো: আকাশের মুখ ফের ভার! বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতেই বাংলার আবহাওয়ায় ফের বড়সড় বদলের ইঙ্গিত। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দুই আবহাওয়া ব্যবস্থার জোড়া প্রভাবে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে বৃষ্টির দাপট। কোথাও ভারী বর্ষণ, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি হরিয়ানা থেকে জম্মু, এলাহাবাদ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকার দিকে বিস্তৃত রয়েছে। ফলে বাংলার আকাশে ফের সক্রিয় হয়েছে বৃষ্টির পরিস্থিতি। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বিশেষ নজর থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এইসব এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই ভালো। কলকাতার ক্ষেত্রেও স্বস্তির খবর খুব একটা নেই। শুক্রবার শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। সকাল থেকেই বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
