নিউজপোল ব্যুরো: শুক্রবার অর্জুন সিংয়ের বিধানসভা কেন্দ্রের মধ্যেই বিক্ষোভের মুখে কৌস্তুভ বাগচি। নীলগঞ্জে কেন্দ্রীয় জুট রিসার্চ ইনস্টিটিউটে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হন ব্যারাকপুরের বিধায়ক। অনুষ্ঠান শেষে তাঁর গাড়ি বেরোতেই শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান।
কৌস্তুভের দাবি, এই ঘটনার পিছনে তৃনমূলের হাত রয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কিষান সম্মান নিধি সংক্রান্ত কর্মসূচি উপলক্ষে সরকারি আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান শেষে বেরোনোর সময় একদল স্থানীয় মহিলা ও পুরুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর গাড়ির সামনেও দাঁড়িয়ে পড়েন কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন কী এবার প্রকাশ্যে এই নিয়ে উঠছে প্রশ্ন।
কৌস্তুভের কথায়, “আগে এই ধরনের বিক্ষোভ তৃণমূল করত।” পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, “আমার ধৈর্য বা সহনশীলতাকে কেউ দুর্বলতা বলে মনে করলে ভুল করবেন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।”
ঘটনার কথা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। উল্লেখযোগ্যভাবে, মণীশ শুক্লা হত্যাকাণ্ডে অভিযুক্তের সঙ্গে মঞ্চ ভাগ করা নিয়ে সম্প্রতি অর্জুন সিং ও কৌস্তুভ বাগচীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। তার মধ্যেই অর্জুনের বিধানসভা এলাকায় এই বিক্ষোভ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে।
