নিউজ পোল ব্যুরো: বিজেপির (BJP) বঙ্গীয়করণ এখন আর তত্ত্ব নয়, বাস্তব প্রয়োগ। দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আগমনের আগে যা স্পষ্ট হল আমন্ত্রণপত্রেই। নেই ‘জয় শ্রীরাম’ (Jay Shree Ram), জায়গা করে নিয়েছে ‘জয় মা দুর্গা, জয় মা কালী’।
দীর্ঘদিন ধরেই বাংলায় বিজেপিকে ‘অবাঙালি’ সংস্কৃতির বাহক হিসেবে চিহ্নিত করেছে বিরোধীরা। রামনবমী কেন্দ্রিক রাজনীতি, উত্তর ভারত ঘরানার হিন্দুত্ব প্রচার এবং দিলীপ ঘোষ (Dilip Ghosh)-শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari) রণচণ্ডী ভাষণ এসব মিলিয়ে বাংলার মূলস্রোতের বাঙালিত্ব থেকে যেন কিছুটা দূরে ছিল রাজ্য বিজেপি (BJP)। কিন্তু সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) অভিষেকের পর থেকে যেন ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। নিজের প্রথম সভামঞ্চে শমীক বড় করে লাগিয়েছিলেন মা কালীর ছবি। আর এবার, তারই পরিণতি প্রধানমন্ত্রীর (Narendra Modi) জনসভার সরকারি আমন্ত্রণপত্রে ‘রাম’ একপ্রকার বাদ! পরিবর্তে বাংলার মাটির আত্মার সঙ্গে জড়িত দুই শক্তিরূপা—মা দুর্গা ও মা কালী। তাদের নামেই শুরু হচ্ছে জনসংযোগ।
‘প্রিয় দুর্গাপুরবাসী’ সম্বোধনে লেখা চিঠিতে দ্বিতীয় লাইনেই উঠে এসেছে “ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী”।এটি নিছক কৌশল নয়, এক রাজনৈতিক বার্তাও বটে। রাজ্য নেতৃত্ব বুঝতে পারছে, উত্তর ভারতীয় রামনাম বাংলার মাটিতে আবেগ তো সৃষ্টি করে, কিন্তু ভোটের বাক্সে তেমন প্রভাব ফেলতে পারছে না। শাসকদল তৃণমূল কৌশলে ব্যবহার করেছে ‘বাঙালি বনাম বহিরাগত’ বিভাজনকে। সেই জায়গা থেকে বেরোতে এখন বঙ্গীয় সংস্কৃতির সঙ্গে আত্মিক যোগের চেষ্টা করছে বিজেপি (BJP)। তবে বিরোধীদের প্রশ্ন, “এই সংস্কৃতিকে কি ভোটের রাজনীতিতে ব্যবহার করাই উচিত? মা দুর্গা, মা কালীর নামকে কি ভোট কৌশলে পরিণত করা ঠিক?” বিজেপির উত্তর সোজাসাপটা, বাংলা জয় করতে হলে বাংলাকেই জানতে হবে। তাই এবার ভোটে রাম নয়, মা দুর্গা-মা কালীর জয়ধ্বনিই হতে চলেছে বঙ্গ বিজেপির মূল মন্ত্র।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
