ED : ‘জন্মদিনে মোদী-শাহের উপহার মনে রাখব’, আর্থিক দুর্নীতির অভিযোগে ছেলের গ্রেফতারির পরেই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: শুক্রবার ছিল জন্মদিন। পরিবারের সঙ্গে আনন্দের বদলে দুর্নীতির দায়ে হতে হল গ্রেফতার। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের মামলায় গ্রেফতার করা হয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) ছেলে চৈতন্য বাঘেলকে (Chaitanya Baghel)। ইডির (ED) হাতে ছেলের গ্রেফতারির পরেই কংগ্রেস নেতা। কেন্দ্র সরকারকে নিশানা করে উগড়ে দিয়েছেন ক্ষোভ।

শুক্রবার দুর্গ জেলার ভিলাই শহরে চৈতন্য বাঘেলের বাড়িতে নতুন করে তল্লাশি চালানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চৈতন্য বাঘেলকে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে নিজেদের হেফাজতে নিয়েছে। সূত্রের খবর মামলায় নতুন প্রমাণ পাওয়ার পর তল্লাশি অভিযানে সহযোগিতা না করার অভিযোগে চৈতন্য বাঘেলকে অর্থ পাচার বিরোধী আইনের ১৯ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বাবা-ছেলে একই জায়গায় থাকেন। ছেলের গ্রেফতারি নিয়ে ভূপেশ বাঘেল বলেছেন, “মোদী ও শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। আজ আমার জন্মদিনে দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।” তিনি আরও বলেন, “বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে। তারা এখন আমার ছেলেকে নিশানা করেছে। আমরা ভয় পাব না বা মাথা নত করব না। আজ, আমার ছেলেকে তার জন্মদিনে গ্রেফতার করা হয়েছে। গত বছর আমার জন্মদিনে, আমার উপদেষ্টাকে নিশানা করা হয়েছিল।”

আরও পড়ুন : Dilip Ghosh : “যা বলার সময় মতো বলব”, দিল্লিতে নাড্ডার সঙ্গে সাক্ষাৎ না পেয়ে বললেন দিলীপ

প্রসঙ্গত, ইডি (ED) আগে দাবি করেছিল যে চৈতন্য বাঘেলকে আবগারি কেলেঙ্কারি থেকে প্রাপ্ত অর্থের “প্রাপক” বলে সন্দেহ করা হচ্ছে। বলা হয়েছে যে এই “কেলেঙ্কারি” রাষ্ট্রীয় কোষাগারের “বিশাল ক্ষতি” করেছে এবং মদ সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেট ২,১০০ কোটি টাকারও বেশি ভরে দিয়েছে। এই মামলায়, ইডি জানুয়ারিতে প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা কাওয়াসি লক্ষ্মী ছাড়াও রায়পুরের মেয়র এবং কংগ্রেস নেতা আইজাজ ঢেবরের বড় ভাই আনোয়ার ঢেবর, প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা, ইন্ডিয়ান টেলিকম সার্ভিস (আইটিএস) অফিসার অরুণপতি ত্রিপাঠী এবং আরও কয়েকজনকে তদন্তের অংশ হিসাবে গ্রেফতার করেছে। ইডির মতে, মধ্যভারতের রাজ্যে আবগারি কেলেঙ্কারিটি ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে হয়েছিল যখন ছত্তিশগড় ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দ্বারা পরিচালিত ছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT