নিউজপোল ব্যুরো: ভোট মিটতেই যেন রাজ্য রাজনীতিতে নতুন ঝড়। এতদিন বিরোধীদের নিশানায় থাকলেও, এবার যেন চাপ এল ঘরের ভেতর থেকেই! একদিকে দলের ভেতর বড় নেতাদের ক্ষোভ আর দলবদল, অন্যদিকে ইডি ও সিআইডির মতো তদন্তকারী সংস্থার তল্লাশি। এই সব কিছুর মাঝে এবার বড় ধাক্কা খেলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সবচেয়ে অবাক করার বিষয় হলো, এবার চাপ এসেছে তাঁর নিজের দলের কলকাতা পুরসভা থেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির ওপর কড়া নজর পড়েছে কলকাতা কর্পোরেশনের। প্রথমে বেআইনি বাড়ি তৈরির অভিযোগে বিল্ডিং বিভাগ থেকে ১৭টি নোটিস পাঠানো হয়। এরপর আবার সম্পত্তির ট্যাক্সর অভিযোগে অ্যাসেসমেন্ট বিভাগ থেকেও নতুন নোটিস ধরানো হয়েছে। এই জোড়া নোটিসের চক্করে দলের ভেতরেই এখন তুমুল চাঞ্চল্য।
সবচেয়ে মজার বিষয় হলো, এই নোটিসগুলোর মধ্যে ১৪টি নোটিসই গিয়েছে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো এলাকা থেকে। এই এলাকার দায়িত্বে ছিলেন দেবলীনা বিশ্বাস। নিজের দলের পুরসভা থেকে এমন নোটিস আসায় তৃণমূলের ভেতরে শুরু হয়েছে অসন্তোষ ।তবে সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে দলের বড় নেতাদের কথায়। এই নোটিস নিয়ে কলকাতার মেয়র বলেছেন, প্রশাসনিক স্তরে কে কাকে নোটিস পাঠাল, তা তাঁর জানা নেই। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও স্পষ্ট জানিয়েছেন, যার নাম নোটিসে আছে, উত্তর দেওয়ার দায়িত্ব তাঁরই। সব মিলিয়ে দলের শীর্ষ নেতাদের এই চুপ থাকা এবং দায় এড়িয়ে যাওয়ার পর একটা প্রশ্ন উঠছে—অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে নিজের দলেই একলা হয়ে পড়ছেন? এখন দেখার বিষয় যে এই আইনি লড়াই তিনি কীভাবে সামলান।
