আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবারে ভোর ৪টে থেকে ছুটবে মেট্রো! ঘুমকাতুরে কলকাতাকে বড় চমক, যোগ দিবস নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

breakingnews অন্যান্য প্রযুক্তি শহর

নিউজপোল ব্যুরো: রবিবার মানেই একটু বেশি ঘুম, একটু বেশি আরাম। কিন্তু এই রবিবার বদল আনতে চলেছে কলকাতা মেট্রো। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুনে অনেকেই অবাক। ছুটির দিনেও ভোররাত থেকেই চালু হবে মেট্রো পরিষেবা। ফলে যোগাভ্যাসে অংশ নিতে যাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সকলেই বিশেষ সুবিধা পাবেন। আর এই বিশেষ জনমুখী উদ্যোগের নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সময়সূচি অনুযায়ী, ব্লু লাইনে কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং দক্ষিণেশ্বর উভয় প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছেড়ে দেবে ঠিক ভোর ৪টেয়, অন্যদিকে গ্রিন লাইনে গঙ্গাপাড়ের যাত্রীদের জন্য হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রোটি ছাড়বে ভোর ৪টেয় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রোটি রওনা দেবে ভোর ৪টে ২ মিনিটে, মেট্রোর ইয়েলো লাইনেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে প্রথম মেট্রোটি ছাড়বে ভোর ৪টে ১৮ মিনিটে এবং উল্টোদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার প্রথম মেট্রোটি রওনা হবে ভোর ৪টে ৪০ মিনিটে। তাই যোগ দিবসের সকালে আপনিও যদি শরীরচর্চার এই মহোৎসবে শামিল হতে চান, তবে একদম নিশ্চিন্তে মেট্রো চেপে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে ।মেট্রো কর্তৃপক্ষের আশা, এই বিশেষ ব্যবস্থার ফলে যোগ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে পৌঁছতে আর কোনও সমস্যায় পড়তে হবে না।

তাই রবিবার বলে আর দেরি করে ঘুম নয়। যোগ দিবসের সকালে কলকাতার পাতালরেলও যেন বলছে—‘সুস্থ থাকুন, সময়মতো বেরিয়ে পড়ুন।’ ভোরের কলকাতায় এবার যোগ ব্যায়ামের সঙ্গে ছুটবে মেট্রোর চাকা।