আরও একা মমতা, এবার মমতার হাত ছাড়লেন প্রিয় ‘বালু’, সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: একের পর এক ধাক্কার মাঝেই তৃণমূল শিবিরে ফের বড় চমক। যাঁকে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বলা হতো, সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’ এবার দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকার পরও যাঁর ওপর নেত্রী অন্ধ ভরসা রেখেছিলেন, সেই হেভিওয়েট নেতাই এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে এই নতুন ও গুরুদায়িত্ব সামলানো তাঁর পক্ষে একেবারেই অসম্ভব। সম্প্রতি কয়েক দিন আগেই তৃণমূল কংগ্রেসের নবগঠিত হাই-প্রোফাইল ওয়ার্কিং কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে।

তৃণমূলের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দলের কঠিন সময় হোক বা আন্দোলনের দিন, তিনি ছিলেন নেত্রীর অন্যতম ভরসার মানুষ। রেশন দুর্নীতি মামলায় জেলযাত্রার পরেও তাঁর প্রতি আস্থা হারাননি মমতা। এমনকি নানা সমালোচনা সত্ত্বেও তাঁকে ভোটে প্রার্থী করা হয়েছিল। কিন্তু আজ দলের এই চরম দুর্দিনে সেই প্রিয় পাত্রের এমন আকস্মিক সরে যাওয়া মমতাকে আরও ‘একা’ করে দিল বলেই মনে করছে একাংশ। এখন প্রশ্ন একটাই— মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত ‘বালু’ যখন দায়িত্ব ছাড়লেন, তাহলে কি তৃণমূলে আরও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে রয়েছে?