বুদ্ধবাবুর নামে বড় রাস্তা হওয়া উচিত’, লেনিন সরণি বিতর্কে সজল ঘোষ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতার একাধিক রাস্তার নাম বদল নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। লেনিন সরণির নাম পরিবর্তনের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আক্রমণ-পাল্টা আক্রমণ। এরই মধ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কলকাতার কোনও বড় রাস্তার নামকরণের দাবি তুললেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ।

এক সাক্ষাৎকারে সজল ঘোষ বলেন, কার্ল মার্কস ও লেনিনের ভারতের ক্ষেত্রে কী ভূমিকা ছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক কারণেই অতীতে বিভিন্ন রাস্তার নামকরণ করা হয়েছিল। সেই জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাস্তার নামকরণে তাঁর কোনও আপত্তি নেই।

সজলের কথায়, বুদ্ধবাবুর নামে একটি বড় রাস্তা হওয়া উচিত। এ বিষয়ে তিনি পুরসভার কাছেও অনুরোধ করবেন বলে জানিয়েছেন। শুধু বুদ্ধদেব নন, তাঁর মতে, আরও অনেক প্রাজ্ঞ রাজনৈতিক নেতার নামে রাস্তার নামকরণ করা যেতে পারে, যাঁদের সততা ও জীবন নিয়ে কোনও প্রশ্ন নেই।

অন্যদিকে, লেনিন সরণির নাম বদল নিয়ে বিজেপির তরফে কমিটির কাছে প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছে। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, শুধু লেনিন সরণি নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। প্রাথমিকভাবে লেনিন সরণির নতুন নাম দেবপ্রসাদ ঘোষ করার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে রাস্তার নাম বদল ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।