নিউজপোল ব্যুরো: বদলের হাওয়ায় এবার নতুন রূপে সাজছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবার আয়োজিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। আর প্রথম আয়োজনেই পুরনো পরিচিতি ছাপিয়ে একাধিক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ৩২তম কিফ। বদলেছে উৎসবের লোগো, এসেছে নতুন নেতৃত্ব, এমনকী উদ্বোধনী অনুষ্ঠানের জায়গাও। সব মিলিয়ে এবারের উৎসব ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রবিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের লোগো প্রকাশের মাধ্যমে এবারের আয়োজনের ঘোষণা করা হয়। চেয়ারপার্সনের দায়িত্ব সামলাবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মিঠুন চক্রবর্তী। নতুন লোগো তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। উৎসবের সিগনেচার ফিল্মের দায়িত্বও তাঁর হাতে। থিম মিউজিক তৈরি করছেন রাতুল শঙ্কর।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এবার নন্দন নয়, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। উদ্বোধনে উপস্থিত থাকার কথা রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াত-সহ একাধিক তারকার। পরিচালক অনুরাগ বসু ও মধুর ভাণ্ডারকরও থাকবেন বলে জানা গিয়েছে। এবারের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড।
প্রসেনজিতের কথায়, আন্তর্জাতিক মানের অতিথিদের নিয়ে আসার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫ নভেম্বর থেকে শুরু হবে ডেলিগেট কার্ডের আবেদন প্রক্রিয়া। কিফের ওয়েবসাইটে আবেদন করা যাবে।
