‘জ্ঞানেশকে সরানোর পর মোদী-শাহের পালা’, রামলীলার মঞ্চ থেকে হুঁশিয়ারি রাহুলের

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক সংঘাত এবার আরও তীব্র। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে রাহুলের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরিয়ে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও তোলেন তিনি। রাহুলের অভিযোগ, একাধিক রাজ্যের নির্বাচনে পরিকল্পিতভাবে ভোটারদের অধিকার খর্ব করা হয়েছে।

মঞ্চ থেকে মোদী-শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেন, “জ্ঞানেশ কুমারকে সরানোর পর আমাদের পরবর্তী লক্ষ্য আপনারা।” তাঁর বক্তব্য, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নন। যতই ক্ষমতা বা অর্থ থাকুক, গণতান্ত্রিক ব্যবস্থার কাছে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে।

শিল্পপতি গৌতম আদানিকে নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন কংগ্রেস নেতা। শিক্ষা, স্বাস্থ্য ও দেশের সম্পদ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার বিরোধিতা করেন তিনি। সাধারণ মানুষের অধিকার, কৃষকের ন্যায্য পাওনা এবং শিক্ষার্থীদের যোগ্যতার স্বীকৃতির পক্ষে সওয়াল করেন।