নিউজপোল ব্যুরো: বাংলার রাজনৈতিক লড়াই এবার দিল্লির মঞ্চেও। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলায় তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।
মঞ্চ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিশানা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মন্দির, গুরুদ্বার এবং ওয়াকফ সম্পত্তির অর্থ লুটের অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, “মন্দিরের টাকা চুরি করে, গুরুদ্বারের টাকা লুট করে, ওয়াকফ প্রপার্টি লুট করেছে, সংবিধান লুট করেছে।”
পুলিশের ভূমিকা নিয়েও সরব হন তিনি। মমতার অভিযোগ, পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। তাঁর বক্তব্য, “পুলিশকে দিয়ে পার্টির কাজ করায়। পুলিশ ওদের কমরেড হয়ে গিয়েছে।”
এরপরই নিজের গৃহবন্দি থাকার অভিযোগ সামনে আনেন তিনি। বলেন, “আমায় বলেছে ঘর থেকে না বেরতে। হাউস অ্যারেস্ট করে রেখেছে।”
এদিন নতুন প্রজন্মের উদ্দেশেও ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন মমতা। তাঁর বার্তা, “একসঙ্গে লড়ুন, বিজেপি হটাও, দেশ বাঁচাও।”
