ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিক্ষাকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর

রাজ্য

নিউজপোল ব্যুরো: শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের চারতলায় কয়েকজন ছাত্রছাত্রী একসঙ্গে বসেছিলেন। সেই সময় বিজ্ঞান বিভাগের এক শিক্ষাকর্মী তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এরপর অন্য ছাত্রছাত্রীরা নিচে নেমে গেলেও ওই ছাত্রী আরও উপরের তলায় চলে যান।

ছাত্রীর অভিযোগ, পরে ওই শিক্ষাকর্মী উপরের তলায় গিয়ে তাঁকে সেখান থেকে নিচে নামিয়ে আনেন। সেই সময়ই তাঁর সঙ্গে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিষয়টি জানিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ পাওয়ার পরই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি-র কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি আইসিসির দ্বারস্থ হওয়ার বিকল্পও জানানো হয়েছিল। তবে আপাতত অভ্যন্তরীণ কমিটির মাধ্যমেই তদন্ত করাতে চাইছেন ওই ছাত্রী।

উপাচার্যের বক্তব্য, নিয়ম মেনেই ঘটনার তদন্ত করা হবে। উল্লেখ্য, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ফের এমন অভিযোগ সামনে আসায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং নারী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।