নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেও বিরোধী জোটের মঞ্চে দেখা যাবে না ককরোচ জনতা পার্টি (CJP)-কে। দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ইন্ডিয়া জোটের ভোট চুরির অভিযোগ ঘিরে আন্দোলনের প্রতি সমর্থন থাকলেও, রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে যোগ দেবে না তাঁর দল। সংগঠনের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দীপকে।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল অতীতে পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ধন্যবাদ জানানো। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন মমতা। দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময়ও তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী।
দীপকের বক্তব্য, ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে যাঁরাই আন্দোলন করবেন, তাঁদের পাশে থাকবে তাঁর সংগঠন। তবে কোনও রাজনৈতিক জোটের অংশ হয়ে নয়, নিরপেক্ষ মঞ্চ হিসেবেই কাজ করতে চায় ককরোচ জনতা পার্টি।
অন্যদিকে, তরুণ আন্দোলনকারীদের ভূমিকার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে কর্মসূচি করার জন্য দীপকে ও তাঁর সঙ্গীদের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। ফলে সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও, জোটের সমাবেশে অংশ না নেওয়ার সিদ্ধান্তে নিজেদের স্বতন্ত্র অবস্থানই স্পষ্ট করল CJP।
