SIR in West Bengal : SIR-এর চাপেই কি আত্মঘাতী BLO? অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা, তদন্তে পুলিশ

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পূর্ব যাদবপুরে বিএলও (BLO) অশোক দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী সুদীপ্তা দাস। তার অভিযোগ, বাংলায় চলা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর (SIR in West Bengal) অতিরিক্ত মানসিক ও প্রশাসনিক চাপই স্বামীর মৃত্যুর প্রধান কারণ। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। টেবিলের উপর রাখা একটি সাদা কাগজে লেখা ছিল— “এসআইআরের চাপ আমি আর সহ্য করতে পারছি না। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই আমি এই দুনিয়া ছেড়ে মা-বাবার কাছে চলে যাচ্ছি।” এই নোট ঘিরেই তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা (SIR in West Bengal)।

আরও পড়ুন : SIR : ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় নয়া জটিলতা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার সকালে পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকার অহল্যানগরের বাড়িতে অশোক দাসের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে, তবে নেপথ্যে অন্য কোনও চাপ বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অশোক দাস দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বহরু হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের অধীনে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পূর্ব যাদবপুরের চিতকালিকাপুর এফ.পি. স্কুলের ১১০ নম্বর ভোটকেন্দ্রের বিএলও (BLO) ছিলেন তিনি। চলতি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিবারের দাবি, কাজের চাপ ও সময়সীমা নিয়ে ক্রমাগত মানসিক চাপে ভুগছিলেন তিনি (SIR in West Bengal)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এর মধ্যেই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত বিএলও-র (BLO) পরিবারের খোঁজখবর নেন। তার নির্দেশে স্থানীয় তৃণমূল নেতারা অশোক দাসের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দলের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময়ে পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে। অশোক দাসের দিদিও আগেই জানিয়েছিলেন, এসআইআর সংক্রান্ত প্রবল চাপের মধ্যে ছিলেন তিনি (SIR in West Bengal)। কীভাবে এই মর্মান্তিক মৃত্যু ঘটল, তা পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আসা উচিত। এবার স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে তদন্তকারী সংস্থা।