ভোটার তালিকা নিয়ে বড় স্বস্তি! তৃণমূলের চাপে SIR জমা দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন

দেশ

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। একের পর এক অভিযোগ, সময়সীমা নিয়ে টানাপোড়েন এবং সাধারণ মানুষের ভোগান্তির মধ্যেই ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission) । তৃণমূল কংগ্রেসের (TMC) দীর্ঘদিনের দাবিকে কার্যত স্বীকৃতি দিয়ে এবার অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা আরও বাড়ানো হল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের আওতায় বাংলা ছাড়াও পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং রাজস্থানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, এসআইআর (SIR) সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া ও তার নিষ্পত্তির শেষ দিন ধার্য করা হয়েছে ১৯ জানুয়ারি, ২০২৬।

আরও পড়ুন: SIR : ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় নয়া জটিলতা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। কমিশনের বক্তব্য, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। কমিশনের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটার তালিকায় যত বেশি সম্ভব যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। দ্রুততার সঙ্গে প্রক্রিয়া শেষ করার বদলে যাতে সঠিক ও স্বচ্ছভাবে কাজ করা যায়, সেই লক্ষ্যেই সময় বাড়ানো হয়েছে বলে দাবি কমিশনের।

তবে একই সঙ্গে নতুন করে উদ্বেগও তৈরি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানিতে নথি হিসেবে আর মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। এই মর্মে দিল্লির নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে। ফলে নথি সংক্রান্ত জটিলতা আরও বাড়বে বলেই আশঙ্কা সাধারণ মানুষের।

উল্লেখ্য, এর আগেও এসআইআর-এর সময়সীমা বাড়ানো হয়েছিল, কিন্তু সেই ছাড় বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। তখন তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং আন্দামান-নিকোবরের জন্য সময় বাড়ানো হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েও রাজ্যের শাসকদল কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অতি তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালানোয় ভুল হচ্ছে এবং মানুষ অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। এমনকি এই প্রক্রিয়াকে ঘিরে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে বলে দাবি শাসকদলের। রাজনৈতিক মহলের একাংশের মতে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসলে ঘুরপথে তৃণমূলের দাবিকেই মেনে নেওয়া।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এই সংশোধনের কাজ চলছে, কারণ ওই বছরই শেষবার নিবিড় সংশোধন হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা-সহ মোট ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, ২০০২ সালের তালিকায় নাম না থাকলে শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে তালিকার যে কোনও ভুল সংশোধনের ক্ষেত্রেও নথি জমা দিতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole