নিউজ পোল ব্যুরো: অবশেষে নোবেল শান্তি পুরস্কার নিয়ে এক অভিনব ও বিতর্কিত ঘটনার সাক্ষী হল বিশ্ব রাজনীতি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হাতে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে সেই পদক হস্তান্তর করেন। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মাচাদো। তবে পুরস্কার ঘোষণার কিছুদিন পরই তিনি জানিয়েছিলেন, এই সম্মান তিনি এককভাবে নিজের বলে মনে করেন না এবং ট্রাম্পের (Donald Trump) অবদানকে স্বীকৃতি দিতেই তিনি পুরস্কার ভাগ করে নিতে চান।
আরও পড়ুন: SIR : ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় নয়া জটিলতা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করল নির্বাচন কমিশন
হোয়াইট হাউসে (White House) সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাচাদো বলেন, ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের পথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অনস্বীকার্য। তাঁর মতে, স্বাধীনতার পথে যে লড়াই, সেখানে ট্রাম্পের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই কারণেই নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই ঘটনার আগে ভেনেজুয়েলায় (Venezuela) নাটকীয় রাজনৈতিক পালাবদল ঘটে। মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে ‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয়’ বলে উল্লেখ করেন মাচাদো। সে সময় তিনি দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও ইঙ্গিত দিয়েছিলেন। অনেকেই ধারণা করেছিলেন, ট্রাম্প মাচাদোকেই ভেনেজুয়েলার নতুন মুখ হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে মার্কিন প্রশাসন জানায়, তারা মাদুরোর ডেপুটি ডেলসি রডরিগেজের সঙ্গে কাজ করতে আগ্রহী। পরে ডেলসি রডরিগেজই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
শপথগ্রহণের প্রায় দশ দিন পরই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো এবং তখনই নোবেল পুরস্কারের পদক হস্তান্তর করেন। ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। হাসিমুখে তিনি বলেন, যে কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছিল, সেই কাজের অংশীদার তিনিও। তাই এই পদক তাঁর কাছেই থাকা স্বাভাবিক। সূত্রের খবর, নোবেল পদকটি নিজের কাছেই রেখে দেবেন ট্রাম্প।
উল্লেখ্য, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত পুরস্কার তাঁর নামে না এলেও, এই ঘটনায় কার্যত নোবেল পদক তাঁর হাতেই পৌঁছল যা আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
