নিউজপোল ব্যুরো: রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। এবার থেকে এই ধরনের ঘটনায় নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রুপ-ডি পদে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পর রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য এই সুযোগ পাবেন। মৃতের স্বামী বা স্ত্রী, ছেলে, মেয়ে কিংবা তৃতীয় লিঙ্গের সন্তান আবেদন করতে পারবেন। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে তাঁর ভাই বা বোনও আবেদনের সুযোগ পাবেন।
তবে পরিবারের মাসিক আয় ৫০ হাজার টাকার বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিতে কর্মরত থাকলে কিংবা আয়করদাতা হলে সেই পরিবার এই সুবিধা পাবে না। রাজ্য সরকারের ডিরেক্টরেট, কালেক্টরেট এবং বিভিন্ন সরকারি দফতরে এই নিয়োগ করা হবে।
উল্লেখ্য, গড়বেতার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৮ মে ২০২৭-এর মধ্যে এক লক্ষ সরকারি নিয়োগের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন। পাশাপাশি পুলিশ ও শিক্ষক নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। এবার রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের জন্য গ্রুপ-ডি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
