Nepal Update: দুর্যোগে নেপালের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, জরুরি সহায়তায় ভারত

আন্তর্জাতিক দেশ

নিউজপোল ব্যুরো: দুর্যোগে বিপর্যস্ত নেপালের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে জরুরি সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন কমে তৈরি হয়েছে ঘাটতি। এই পরিস্থিতিতে নেপালকে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

ভারতের বিদ্যুৎ মন্ত্রকের অনুমোদন অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সরবরাহ ব্যবস্থা চালু থাকবে। মুজফ্‌ফরপুর-ঢলকেবার ৪০০ কেভি লাইনের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট এবং টনকপুর-মহেন্দ্রনগর ১৩২ কেভি লাইনের মাধ্যমে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। অর্থাৎ মোট ৬৫৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেতে পারে নেপাল।

আরও দেখুন:-বুদ্ধবাবুর নামে বড় রাস্তা হওয়া উচিত’, লেনিন সরণি বিতর্কে সজল ঘোষ

গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের একাধিক বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটি সৌরবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতির মুখে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছে।

সাধারণ সময়ে নেপাল অতিরিক্ত জলবিদ্যুৎ ভারতে রফতানি করে। কিন্তু দুর্যোগের ধাক্কায় এবার পরিস্থিতি বদলেছে। ভারতের এই জরুরি সহায়তা নেপালের শিল্প, হাসপাতাল, ব্যবসা ও সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দুই প্রতিবেশী দেশের বিদ্যুৎ সহযোগিতাতেও এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করল।