I-PAC : কয়লা পাচার মামলায় I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেফতার

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে বড়সড় চাঞ্চল্য ছড়াল কয়লা পাচার মামলায়। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে আই-প্যাক (I-PAC)-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লি থেকে তাকে আটক করা হয় বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:Narendra Modi: ‘একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’, মহিলা বিল নিয়ে বার্তা মোদীর 

ইডি (ED) সূত্রে খবর, গত ২ এপ্রিল ভিনেশ চান্ডেলের বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। সেই অভিযানের পর থেকেই তদন্তের গতি বাড়ানো হয়। তদন্ত চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি হাতে আসে বলে দাবি সংস্থার। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ভিনেশের একাধিক উত্তরে অসঙ্গতি ধরা পড়ে, যা তাদের সন্দেহ আরও জোরালো করে।.এদিকে, তদন্তে উঠে এসেছে হাওয়ালা লেনদেনের অভিযোগও। ইডির (ED) দাবি, প্রায় ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আই-প্যাকের (I-PAC) সঙ্গে যুক্ত একটি চ্যানেলে ঢুকেছিল। সেই অর্থের সঙ্গে কয়লা পাচার চক্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহার খতিয়ে দেখতে আই-প্যাকের (I-PAC) একাধিক শীর্ষ কর্তার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, কয়েক মাস আগেই আই-প্যাকের আরেক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভের অফিসে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। সেই সময় আধিকারিকদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এমনকি গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার ঘটনাও সামনে আসে। বিষয়টি পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের ঠিক আগে এই গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবিবার খণ্ডঘোষে এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, ‘অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে, মধ্যরাত থেকেই অপারেশন শুরু হবে।’ যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার সেই মন্তব্যের পরই এই গ্রেফতারি নতুন করে জল্পনা উসকে দিয়েছে। কয়লা পাচার মামলা ও হাওয়ালা যোগে আই-প্যাকের (I-PAC) শীর্ষকর্তার গ্রেফতারি রাজ্যের ভোট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।