অফিস থেকে আর ফেরা হল না! সল্টলেকে কর্মীর অস্বাভাবিক মৃত্যু, সব দিক খতিয়ে দেখছে পুলিশ

breakingnews অপরাধ শহর

নিউজপোল ব্যুরো: শুক্রবারের সন্ধ্যাটা ছিল একেবারে অন্য দিনের মতোই। কিন্তু হঠাৎই একটি বিকট শব্দে চমকে ওঠেন আশপাশের মানুষ। বাইরে বেরিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক মহিলা পড়ে রয়েছেন বহুতলের নীচে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।

মৃতার নাম ইমন রায়। তিনি যাদবপুরের রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই সল্টলেক সেক্টর–২-এর ডিজে ব্লকের একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন। শুক্রবারও প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন। কিন্তু সন্ধ্যার পরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পুলিশ তাঁকে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

বিধাননগর পূর্ব থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, অফিসের নিরাপত্তা ব্যবস্থা এবং উপস্থিত কর্মীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। অফিসে কোনও সমস্যা হয়েছিল কি না, ব্যক্তিগত জীবনে কোনও চাপ ছিল কি না, অথবা ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না— সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাচ্ছে না।  এই মৃত্যুর ঘটনায় সল্টলেকের অফিসপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। এখন সকলের নজর পুলিশের তদন্তে— এই মৃত্যুর নেপথ্যে আসলে কী লুকিয়ে রয়েছে?