বিকেল ৫টার ডেডলাইন ঘিরে তোলপাড়!তারাতলা কাণ্ডে এবার কি চাপে ফিরহাদ হাকিম?

breakingnews অপরাধ রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: তারাতলা গুদাম বিপর্যয় কাণ্ডে এবার সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে উত্তাল রাজ্যের রাজনীতি! আজ বিকেল ৫টার মধ্যে ফিরহাদকে গ্রেপ্তার করার প্রকাশ্য ডেডলাইন দিলেন খোদ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল বলেন, বিকেল ৫টার মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক।

তারাতলা মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন ওএসডি (OSD) এবং বর্তমান কন্ট্রোলিং অফিসার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আদালত তাঁকে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তদন্তকারী সংস্থা তাঁর কাছ থেকে জানতে চাইছে, কীভাবে নির্মাণের অনুমোদন দেওয়া হতো এবং সেই প্রক্রিয়ায় আর কারা যুক্ত ছিলেন। তবে এই অভিযোগের বিচার এখনও আদালতে চূড়ান্ত হয়নি এবং তদন্ত চলছে।

অন্যদিকে, তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও জমা পড়েছে। অভিযোগে আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলরের নাম রয়েছে। অভিযোগকারীরা এফআইআর করার আবেদন জানিয়েছেন। তবে অভিযোগ দায়ের হওয়া মানেই কোনও ব্যক্তির দোষ প্রমাণিত হয়েছে, এমন নয়। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ থেকে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, বা তদন্তে অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে কি না, সেটাই দেখার। আগামী কয়েকদিনের তদন্তই স্পষ্ট করবে, এই মামলায় কোন পথে এগোয়। এদিকে বিকেল ৫টার ডেডলাইন যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে একটাই প্রশ্ন—ফিরহাদ হাকিম কি তবে সত্যিই এবার শ্রীঘরে যাচ্ছেন? তারাতলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুর্নীতির যে সিন্ডিকেট রাজ আজ ফাঁস হয়েছে, তার শেষ সুতোটা কি তবে প্রাক্তন মেয়রের ঘরের দিকেই গেছে ?