কোন্নগরে বিস্ফোরক কাণ্ড! আবাস দুর্নীতির অভিযোগে তৃণমূল কাউন্সিলর গৌতম দাসের বাড়ি ঘিরে বিক্ষোভ

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: হুগলির কোন্নগরে এবার বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ! সরকারি আবাস যোজনায় চরম দুর্নীতির অভিযোগে খোদ তৃণমূলের হেভিওয়েট নেতার বাড়ি ঘিরে শুরু হলো তুমুল বিক্ষোভ। ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন কোন্নগর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল কাউন্সিলর গৌতম দাস।

শনিবার তাঁর বাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মীদের এই ঘেরাও তল্লাশিকে কেন্দ্র করে গোটা এলাকা একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু ঠিক কী কারণে ভাইস চেয়ারম্যানের ঘরের দোরগোড়ায় এসে আছড়ে পড়ল এই ক্ষোভ? বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, গরিব মানুষের জন্য আসা সরকারি আবাসের টাকা নিয়ে এখানে বড়সড় দুর্নীতি হয়েছে। প্রকৃত মানুষদের বঞ্চিত করে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ লোকেদের বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে এই সুবিধা। এই বিপুল পরিমাণ টাকা আসলে কার পকেটে গেছে, তা জানতেই সরাসরি নেতার বাড়ি লক্ষ্য করে চলে এই চড়াও অভিযান। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, খবর পেয়েই ঘটনাস্থলে ঝড়ের গতিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কাউন্সিলরের বাড়ির চারপাশে তৈরি করা হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে ভাইস চেয়ারম্যান গৌতম দাসের শিবিরের দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এলাকা অশান্ত করার জন্য এটি বিরোধীদের একটি রাজনৈতিক চাল মাত্র।

তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। এই ঘটনায় আর কার কার নাম জড়াতে পারে, তা নিয়েও জোর আলোচনা চলছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আগামী কয়েকদিনের তদন্তেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।