নিউজ পোল ব্যুরো: ‘বিহারে তো SIR হয়ে গিয়েছে, সেখানে কয়জন রোহিঙ্গা বা বাংলাদেশি ধরা পড়েছে?’ বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করে এমনই তীব্র প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP) তরফে বারবার অভিযোগ ওঠে, বাংলার ভোটার তালিকায় নাকি দেড় কোটিরও বেশি রোহিঙ্গা ও বাংলাদেশির নাম রয়েছে। সেই অভিযোগ ঘিরেই রাজ্যে SIR (Systematic Investigation and Revision) চালুর দাবি তুলছে গেরুয়া শিবির। আর সেই দাবিকেই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পালটা, “বিহারে তো SIR হয়েছে। সেখানে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা ধরা পড়ল, তার জবাব দিতে পারছে না কমিশন।”
আরও পড়ুন: Viral video : কলকাতার রাস্তায় প্রেমিকের মুখোমুখি হয়ে বাইকে বসে তরুণী, ভাইরাল রোম্যান্টিক কাণ্ড!
তৃণমূল (TMC) নেত্রীর বক্তব্য, বিহারে SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় ৪৭ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। কিন্তু তার অধিকাংশই মৃত ব্যক্তি, অন্য রাজ্যে কাজের কারণে স্থানান্তরিত বা একাধিক কেন্দ্রে নাম থাকা ভোটার। অথচ বিজেপি যেভাবে বিদেশি অনুপ্রবেশের ভয় দেখাচ্ছে, তার কোনও পরিসংখ্যানভিত্তিক প্রমাণই নেই। মমতার কটাক্ষ, “বিহারে এত ধুমধাম করে SIR হলো, তাতে একজন রোহিঙ্গা বা বাংলাদেশিকেও কি ধরতে পেরেছেন? ধরে নিলাম দু’চারজন রোহিঙ্গা এসেছে, তারা তো জেলে! তাহলে ভোটার তালিকায় তাদের নাম আসবে কীভাবে?”
এদিন কলকাতার গিরিশ পার্কে SIR বিরোধী মিছিলের সমাপ্তি মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি বিভাজনের রাজনীতি করার অভিযোগে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী। তার দাবি, বিজেপি পরিকল্পিতভাবে বাংলার দুই কোটি ভোটারের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্য দখলের উদ্দেশ্যে। মমতা (Mamata Banerjee) বলেন, “বিজেপি বাংলাকে ভয় দেখিয়ে দখল করতে চাইছে। ভোটে হার মানতে না পেরে এখন ভোটার তালিকা থেকে নাম কেটে বাংলাকে দুর্বল করার চক্রান্ত চলছে।”
তৃণমূলের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশের তত্ত্ব সম্পূর্ণ মনগড়া ও রাজনৈতিকভাবে প্ররোচিত। মমতা স্পষ্ট ভাষায় জানান, “বাংলার সঙ্গে মায়ানমারের কোনও সীমান্তই নেই। রোহিঙ্গারা এখানে কীভাবে আসবে? এটা বিজেপির তৈরি এক কাল্পনিক কাহিনি, বিভাজনের রাজনীতি ছাড়া কিছু নয়।” প্রকৃতপক্ষে, SIR ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্রমশ তাপমাত্রা বাড়ছে। মমতার কথায়, বাংলার গণতন্ত্রকে রক্ষা করার লড়াই চলছে এখন একদিকে বিজেপির কেন্দ্রীয় আগ্রাসন, অন্যদিকে রাজ্যের মানুষের অধিকার রক্ষার লড়াই। “বাংলার মানুষ বিজেপির এই ষড়যন্ত্রকে রুখে দেবে,” হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
