নিবার বাড়ি ফেরার কথা ছিল! তারাতলার ধসে নিভে গেল সুমনের সংসারের আলো

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: শনিবার বাড়ি ফেরার কথা ছিল। পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন নিয়েই কয়েকদিন আগে কাজে গিয়েছিলেন শ্যামনগরের শ্রমিক সুমন কর্মকার। তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পরিবারের সদস্যদের দাবি, প্রতিদিনের মতোই কাজের জন্য তারাতলায় গিয়েছিলেন সুমন। দুর্ঘটনার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন ধরে উদ্বেগের মধ্যে কাটছিল পরিবারের সময়। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে খবর আসে যে উদ্ধার হওয়া মৃতদের মধ্যে রয়েছেন সুমন।

পরিবার জানায়, দুর্ঘটনায় তাঁর দেহ এতটাই বাজে অবস্থায় ছিল যে প্রথমে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে হাতে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেন। সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, বাবা, বোন এবং অন্য আত্মীয়রা। সুমনের বোন সীমা কর্মকার বলেন, পরিবারের মূল রোজগার করতেন তাঁর ভাই। তার বাবাও অসুস্থ। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তাই সবচেয়ে বড়। তিনি সরকারের কাছে আর্থিক সাহায্য ও একটি চাকরির আবেদন জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। অন্যদিকে, সুমনের স্ত্রী শিখা কর্মকার বলেন, তাঁর স্বামী খুব অল্পদিন আগে ওই কাজে যোগ দিয়েছিলেন। এখন দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ কী হবে, তা ভেবেই তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তিনি আশা করছেন, সরকার তাঁদের পাশে দাঁড়াবে এবং পরিবারকে বাঁচার মতো সাহায্য করবে।

তারাতলার এই দুর্ঘটনা শুধু একটি  ঘটনা নয়, বহু পরিবারের জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। এখন সবার প্রত্যাশা, মৃতদের পরিবার প্রয়োজনীয় সহায়তা পাবে এবং তদন্তে সত্য সামনে আসবে।