Suvendu Adhikari:’একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার আবহে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, নথি যাচাইয়ের কাজ এখনও চলছে। সেই কারণেই বহু যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি। তবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই প্রকৃত ও যোগ্য প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে যাবে।

আরও পড়ুন:Anubrata Mondal:ঋতব্রত শিবিরে যোগের পর অনুব্রতের কার্যালয় থেকে সরল অভিষেকের ছবি, রইলেন মমতা!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)বলেন, “অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক প্রকৃত প্রাপকই টাকা পাবেন। কিছুটা সময় লাগতে পারে, কিন্তু কাউকে বঞ্চিত করা হবে না। তাই অযথা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।”

সাম্প্রতিক সময়ে প্রকল্পের টাকা না পাওয়ায় বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত কার্যালয়ে বহু অভিযোগ জমা পড়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিরোধীরা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর দাবি, প্রশাসন নির্ধারিত নিয়ম মেনেই প্রতিটি আবেদন খতিয়ে দেখছে। যাচাই শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।

এদিন রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপির বিধায়ক, জেলা নেতৃত্ব, কর্মী এবং ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার সাংগঠনিক পরিস্থিতি, পঞ্চায়েত ও জেলা পরিষদের কাজ, জনপরিষেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনপ্রতিনিধিদের মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ রেখে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

বৈঠক থেকে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাসী বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হবে। একইসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতের নির্বাচনে বিজেপি ৭০ শতাংশেরও বেশি ভোট পাবে বলে তাঁর বিশ্বাস।