মুখ্যমন্ত্রীর সফরের আগে বালুরঘাটে ‘সারপ্রাইজ’ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্য স্বাস্থ্য

মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিনাজপুর সফর ঘিরে যখন জেলাজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ঠিক তার আগেই বুধবার সকালে বালুরঘাটে পৌঁছলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। এদিন বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনে চেপে সকাল সাড়ে ৮টা নাগাদ বালুরঘাট স্টেশনে পৌঁছন তিনি। এরপর সোজা বালুরঘাট সার্কিট হাউসে যান স্বাস্থ্যমন্ত্রী।

সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে পৌঁছে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং রোগীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি এবং তাঁদের চিকিৎসা পরিষেবা সম্পর্কে জানতে চান।

এদিন স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

আরও দেখুন :-মায়ের অসুস্থতায় জামিন, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি সিপিএম নেতা লাহেকের

অন্যদিকে, বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় দিনভর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পূর্ণিয়া থেকে গাড়িতে করে বালুরঘাটে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সফরসূচিতে রয়েছে বালুরঘাট বিমানবন্দর ও জেলা হাসপাতাল পরিদর্শন। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করারও কর্মসূচি রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের মাঝে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।