নিউজ পোল ব্যুরো: পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga)। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে কার্যত অচল হয়ে পড়ে গোটা এলাকা। রেললাইন ও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও উত্তেজিত জনতাকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে বড় স্বস্তি! তৃণমূলের চাপে SIR জমা দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয় বেলডাঙার (Beldanga) বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের দেহ। এই খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুর স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। লাইনের উপর বাঁশ ফেলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে একের পর এক লোকাল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
একই সঙ্গে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে প্রতিবাদ। অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। প্রবল গরম ও অনিশ্চয়তার মধ্যে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে বারবার আলোচনা চালালেও তা ফলপ্রসূ হয়নি। একাধিক সময়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন উত্তেজিত জনতা, তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।
অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি মৃত আলাউদ্দিন শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান। পাশাপাশি বেলডাঙার (Beldanga) অশান্তি নিয়ে মুখ খোলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর বক্তব্য, রোজগারের তাগিদে বাংলার বহু মানুষ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হিংসার শিকার হচ্ছেন। প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি না দিলে জনরোষ আরও ভয়াবহ আকার নিতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙায় এখনও থমথমে পরিস্থিতি। প্রশাসনের তৎপরতা বাড়লেও ক্ষুব্ধ মানুষের মনে জমে থাকা ক্ষোভ সহজে প্রশমিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
