Vande Bharat Express : প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, রেল নিরাপত্তায় সতর্কতা জোরদার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দেশের রেল ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মালদহ স্টেশন থেকে এই প্রিমিয়াম ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে উদ্বোধন ঘিরে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই কালিয়াচক আইসিকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে আরপিএফ।

আরও পড়ুন :Mamata Banerjee: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর! সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন ও মহাকাল মন্দিরের শিলান্যাস

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার চেষ্টা করতে পারে। পাশাপাশি মালদহ, জমিরঘাটা, খালতিপুর, ছামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা-সহ একাধিক এলাকায় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কারণেই সংশ্লিষ্ট সমস্ত রেলপথ ও স্টেশন এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা জোরদারের আর্জি জানানো হয়েছে।উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে মাত্র ৯ দিনের মধ্যে চারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটেছিল, যা রেল কর্তৃপক্ষকে আরও সতর্ক করেছে। রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন চলবে। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। বিপরীত দিকে, কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। যাত্রার সময় অন্যান্য ট্রেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম লাগবে বলে দাবি রেলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই দীর্ঘ রুটে ট্রেনটি মোট ১৩টি স্টেশনে থামবে। হাওড়া ছাড়ার পর ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে ছাড়ার পর একই স্টেশনগুলিতেই স্টপেজ থাকবে। তবে কামাখ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার ট্রেনটি চলবে না। ১৬ কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকবে ১১টি এসি থ্রি-টায়ার, ৪টি এসি টু-টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে ৮০০ জনেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। ভাড়াও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে—খাবারসহ থার্ড এসি ২,৩০০ টাকা, সেকেন্ড এসি ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি ৩,৬০০ টাকা। এছাড়াও কবচ, এমার্জেন্সি টক-ব্যাক সিস্টেমের মতো আধুনিক নিরাপত্তা পরিষেবা থাকছে এই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে।