Mamata Banerjee: মমতার প্রচার বন্ধের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ-সব জায়গাতেই সভা-সমাবেশ করে প্রচারের ঝড় তুলছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাগুলিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সব সভায় তিনি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের ‘নন-পারফরম্যান্স’ এবং নানা ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরছেন। এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ও প্রচার নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

আরও পড়ুন: Mamata Banerjee:‘যারা যুবসাথীর টাকা পায়নি, চিন্তার কারণ নেই— ডেকে ডেকে সব ঠিক করা হবে’, ভরসা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন পীযূষ গোয়েল, কিরণ রিজিজু, সুকান্ত মজুমদার, অরুণ সিং ও অনিল বালুনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের পক্ষ থেকে কমিশনের কাছে ছয় দফা দাবি পেশ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নাকি বলেছেন-যারা বিজেপিকে ভোেট দেবেন, তাঁদের নির্বাচনের পর ‘আমি বিজেপি করি না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ঘুরতে হবে। বিজেপির মতে, এই ধরনের মন্তব্যের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের ময়নাগুড়িতে করা মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যের প্রেক্ষিতেই বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। তবে বিজেপির অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় আগাম অভিযোগ তুলছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিপুল জনসমাগমই বিজেপির ভয়ের কারণ। তাই তাকে নির্বাচনী প্রচার থেকে সরানোর চেষ্টা করছে গেরুয়া শিবির।