নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গবাসীর (North Bengal) জন্য বছরের শুরুতেই বড় সুখবর নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার শিলিগুড়ি সফরে এসে একসঙ্গে দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে চলেছেন তিনি। একদিকে যেমন বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে দীর্ঘদিনের দাবি পূরণ করে উদ্বোধন হবে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ একাধিক হাই কোর্টের প্রধান বিচারপতিরা।
আরও পড়ুন: BJP: ভাইরাল ভিডিওতে বিষ্ফোরক মেজাজে বিজেপি বিধায়ক! প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ অভিযোগকারী যুবক
গত বছরের অক্টোবরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সেই সময় বারবার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই অঞ্চলে ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ওই সফরেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে তিনি ঘোষণা করেন, শিলিগুড়িতে গড়ে উঠবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। সেই ঘোষণার পর দ্রুত এগিয়েছে কাজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়াও ইতিমধ্যেই সম্পন্ন। শুক্রবার বিকেলে শিলিগুড়িতেই মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখযোগ্যভাবে, ধর্মীয় পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্যোগ নতুন নয়। দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ (Digha Jagannath Temple) এবং নিউটাউনে (NewTown) দুর্গা অঙ্গনের শিলান্যাস তারই উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে উত্তরবঙ্গের মহাকাল মন্দির, যা এই অঞ্চলের ধর্মীয় পর্যটনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি শনিবার আরেকটি বড় চমক অপেক্ষা করছে উত্তরবঙ্গবাসীর জন্য। জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সহযোগিতায় প্রায় ৪০ একর জমির উপর পাহাড়পুর এলাকায় গড়ে উঠেছে এই আধুনিক বিচার ভবন। ২০১৯ সাল থেকে স্টেশন রোডের অস্থায়ী ভবনে সার্কিট বেঞ্চের কাজ চললেও, এবার স্থায়ী ঠিকানা পাচ্ছে বিচার ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতি ও বহু বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। সব মিলিয়ে বছরের শুরুতেই উন্নয়ন ও পরিকাঠামোর জোড়া উপহার পেয়ে খুশি উত্তরবঙ্গবাসী। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগের জবাব হিসেবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
