নিউজ পোল ব্যুরো: বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি (BJP) বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির (BJP) একটি পথসভায় মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে এক যুবককে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
আরও পড়ুন: WB Teachers: জিপিএফে বড় স্বস্তি শিক্ষকদের, বদলির সঙ্গে সঙ্গেই ফান্ড ট্রান্সফার বাধ্যতামূলক
এই ঘটনার পর আতঙ্কিত ওই যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর নাম সঞ্জয় দে। তাঁর বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়। সঞ্জয়ের দাবি, “বিধায়ক যেভাবে মাইকে আমাকে ভয় দেখিয়েছেন, তাতে আমি ভীষণ আতঙ্কিত। শুধু আমি নই, আমার পরিবারও মানসিক চাপে রয়েছে। সেই কারণেই থানার দ্বারস্থ হয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির (BJP) পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন স্বপন মজুমদার। সেই সময় ভিড়ের মধ্য থেকে সঞ্জয় দে নামে এক যুবক কিছু মন্তব্য করলে বিধায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, বক্তব্য থামিয়ে তিনি ওই যুবককে লক্ষ্য করে প্রশ্ন করেন এবং এরপর প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যুবকটি ঘটনাস্থল ত্যাগ করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাইকে বক্তব্য রাখার সময় একজন যুবক সামনে এসে বলেন, “আমরা ভয় পাই না।” তখন স্বপন মজুমদার তাঁকে জিজ্ঞাসা করেন তিনি তৃণমূল করেন কি না। যুবক বারবার অস্বীকার করলেও, এরপরেই বিধায়ক কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। যদিও সংবাদমাধ্যম স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, “এটাই বিজেপির আসল সংস্কৃতি। প্রকাশ্যে যে ভাষায় কথা বলা হয়েছে, তা কোনওভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”
অন্যদিকে, নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন স্বপন মজুমদার। তাঁর দাবি, “ওই এলাকা তৃণমূল দুষ্কৃতীদের ঘাঁটি। যুবকটি মদ্যপ অবস্থায় সভায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। এটা আমাদের দলের সংস্কৃতি নয়।” তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধী শিবির। অভিযোগ-পালটা অভিযোগের মাঝে এখন নজর পুলিশের তদন্তের দিকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
