Zubeen Garg: লাইফ জ্যাকেট পরতে চাননি জুবিন! সিঙ্গাপুর পুলিশের রিপোর্টে জুবিনের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়

বিনোদন

নিউজ পোল ব্যুরো: জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও রহস্য এখনও পুরোপুরি কাটেনি। গায়কের মৃত্যু ঘিরে যে প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছিল, তার মাঝেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল সিঙ্গাপুর (Singapore) পুলিশের আদালতে পেশ করা রিপোর্ট। তদন্তকারীদের দাবি অনুযায়ী, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গর্গ মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তা বিধি মানেননি বলেই এই মর্মান্তিক পরিণতি ঘটে।

আরও পড়ুন: Nipah Virus: নিপা ভাইরাসের ছোবল! কাটোয়ার পর এবার আরও দুই স্বাস্থ্যকর্মীর শরীরে রোগের লক্ষণ, জারি চূড়ান্ত সতর্কতা

আদালতে সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাইভিংয়ের আগে জুবিন (Zubeen Garg) কিছু সময়ের জন্য লাইফ জ্যাকেট পরেছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি তা খুলে ফেলেন। পরে আবার জলে নামার সময় তাঁকে পুনরায় লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। পুলিশের দাবি, এই অবহেলাই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, সিঙ্গাপুরে আইনি সীমা অনুযায়ী প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল থাকাকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু জুবিনের শরীরে পরীক্ষায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে প্রায় ৩৩০ মিলিগ্রাম অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। এই তথ্য থেকেই পুলিশের দাবি, ঘটনার সময় গায়ক যথেষ্ট পরিমাণে মদ্যপান করেছিলেন। পাশাপাশি, যে হোটেলে তিনি ছিলেন সেখান থেকে ৭৫০ মিলিলিটার মদের বোতলও উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মদ্যপানের বিষয়টি নিয়ে আর কোনও সন্দেহ নেই বলেই তদন্তকারীদের বক্তব্য।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। অনুষ্ঠান ছাড়াও বিনোদনের অংশ হিসেবে স্কুবা ডাইভিং করতে গিয়ে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। বিদেশের মাটিতে এই অকালপ্রয়াণ ঘিরে শুরু থেকেই ষড়যন্ত্রের গন্ধ পান অনেকে। বিষয়টির গুরুত্ব বুঝে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে।

এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। এরপর ১ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। ৩ অক্টোবর গ্রেপ্তার হন টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। পাশাপাশি জুবিনের এক তুতো ভাইকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে এখনো অপেক্ষায় জুবিনের অনুরাগী ও পরিবারের সদস্যরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole