নিউজ পোল ব্যুরো: চলচ্চিত্র উৎসবের ব্যস্ত রবিবারে আচমকাই চমক দিলেন পরমব্রত (Parambrata Chatterjee)। ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন, আদালতঘেষা লড়াই আর তীক্ষ্ণ মতবিরোধের আবহের মধ্যেই তিনি জানালেন, আর কোনও আইনি পথে এগোতে চান না। শিল্পের বৃহত্তর স্বার্থেই ভুল বোঝাবুঝির জট আদালতের কাঠগড়ায় নয়, বরং ব্যক্তিগত আলোচনা ও সংলাপের সূত্রেই খোলার পক্ষে তিনি। তাঁর কথায়, শিল্পের ভেতরে ভাঙন নয়, সংহতিই এখন জরুরি।
ফেডারেশনের বিরুদ্ধে মোট ১৩ জন পরিচালক যে মামলা করেছিলেন, সেই আলোচিত তালিকায় অন্যতম নাম ছিল পরমব্রত (Parambrata Chatterjee)। অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে তাঁকে আদালত চত্বরে বহুবার দেখা গিয়েছে। বিভিন্ন ইস্যুতে ফেডারেশনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি একাধিকবার প্রকাশ্যে সরবও হয়েছেন। কিন্তু এবার সেই দিশা বদলে পরমব্রত (Parambrata Chatterjee) জানালেন তিনি আইনি লড়াই ছেড়ে আলোচনার পথেই ফিরতে চান। তাঁর মতে, কথোপকথনের চেয়ে বড় সমাধানের পথ আর নেই, আর চলচ্চিত্র শিল্পকে সুস্থ পথেই এগোতে হবে।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তিনি। আর ঠিক সেই ক্ষেত্রেই নতুন বিতর্কের জন্ম—শোনা গিয়েছিল তাঁর উপস্থিতিকে ভালো চোখে দেখেনি ফেডারেশন। তাই স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি নাকি ছিল নীরব বার্তা। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস মন্তব্য করতে নারাজ। পরমব্রত (Parambrata Chatterjee) স্বীকার করেছেন, বিষয়টি তাঁর কানে এসেছে। তবে তাঁর উপস্থিতির কারণেই ফেডারেশন উৎসবে যোগ না দিলে তা অত্যন্ত দুঃখজনক বলেই মত তাঁর। এমন বিরোধ তিনি কামনা করেন না, বরং একসঙ্গে কাজ করাকেই তিনি শিল্পের ভবিষ্যৎ বলে মনে করেন।
সমসাময়িক বাংলা ছবিতে পরমব্রত (Parambrata Chatterjee) শুধু অভিনেতা নন, পরিচালক ও চিন্তার স্রষ্টা হিসেবেও আলাদা জায়গা করে নিয়েছেন। তাই তাঁর সরে দাঁড়ানো শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ফেডারেশন–পরিচালক দ্বন্দ্বে এক নয়া মোড়। তিনি যে আলোচনার মাধ্যমে পথ খুঁজতে চাইছেন, তা বাংলা চলচ্চিত্র জগতের জন্য নতুন বার্তা বহন করছে—সংঘাত নয়, সংলাপই পারে জট ছাড়াতে, আর শিল্পকে বাঁচাতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
