নিউজ পোল ব্যুরো: নতুন করে জালিয়াতির অভিযোগের জালে জড়িয়ে গেলেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কড় (Neha Kakkar)। মুম্বইয়ের উয়োরলি থানায় দায়ের হয়েছে গুরুতর প্রতারণার অভিযোগ, যেখানে ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির ঘটনায় নেহার নাম ব্যবহার করেছে একটি ভুয়ো ট্রেডিং ওয়েবসাইট। যদিও এই প্রতারণার সঙ্গে গায়িকার কোনও প্রত্যক্ষ যোগ নেই, বেআইনিভাবে তাঁর ছবি ও পরিচিতি ব্যবহার করেই ফাঁদে ফেলা হয়েছে এক আইনজীবীকে। ফলে প্রশ্ন উঠছে, ডিজিটাল প্রতারণার যুগে তারকাদের পরিচিতি কি আরও বেশি ঝুঁকির মুখে?
আরও পড়ুন:Govinda: গোবিন্দ–সুনীতা দাম্পত্যে ফের ঝড়! সাত জন্মেও স্বামী হিসাবে চান না তিনি গোবিন্দকে (Govinda)
অভিযোগকারী আইনজীবী শবনম মহম্মদ হুসেন সইদ জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে তিনি নেটমাধ্যমে একটি প্রচারমূলক ভিডিয়ো দেখেন, যেখানে নেহা কক্কড় (Neha Kakkar)–কে ওই ট্রেডিং ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখানো হয়েছিল। ভিডিয়োতে দাবি করা হয়েছিল, এই প্ল্যাটফর্ম নাকি “বিশ্বস্ত ও আইনসম্মত”। গায়িকার জনপ্রিয় মুখ দেখে প্রতারকদের কথায় ভরসা করেন শবনম। এরপর আন্তর্জাতিক নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেদের পরিচয় দেন বিজয় এবং জিমি ডি’সুজ়া নামে দুই ব্যক্তি। তাঁরা প্রতিশ্রুতি দেন, অ্যাকাউন্ট খুললেই নাকি কয়েক দিনের মধ্যেই হাসিল হবে বড় অঙ্কের লাভ।
এভাবেই ১৮ জুন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দেন আইনজীবী। কিন্তু তার পর থেকেই শুরু হয় প্রতারণার চক্র—প্রতিশ্রুত সময়ে টাকা ফেরত আসে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই প্রতারকের সঙ্গেও। বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন শবনম। উয়োরলি থানার তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, খোঁজ চলছে ওই আন্তর্জাতিক ফোন নম্বরের উৎস ও প্রতারকদের পরিচয় সম্পর্কে।
এই ঘটনার পর নেহা কক্কড় (Neha Kakkar)–এর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তদন্তকারীরা নিশ্চিত করেছেন, গায়িকার নাম অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। আগে একাধিকবারই তারকাদের ছবি ও পরিচিতি ব্যবহার করে অনলাইন ট্রেডিং বা ক্রিপ্টো স্ক্যাম হয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্কড় (Neha Kakkar)। তারকাদের জনপ্রিয়তা যে প্রতারকদের কাছে এক লাভজনক ফাঁদ তৈরির হাতিয়ার হয়ে উঠছে, এই ঘটনা যেন তারই আরও এক স্পষ্ট প্রমাণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
